বৈসাবির রঙে রঙিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামজিক উৎসব বৈসাবি (ত্রিপুরা-বৈসুক, মারমা-সাংগ্রাই, চাকমা-বিজু)। উৎসব ঘিরে চলছে নানা অনুষ্ঠান। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন রাঙামাটির আদিবাসীরা এই উৎসব পালন করে। বৈচিত্র্যময় তিন দিন: আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের যেমন ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তেমনি উৎসবের তিনটি দিনের নামও আলাদা। প্রতিবারের মতো এবারও উৎসবের প্রথম দিনে আদিবাসীরা ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজাবে। এ দিন পাহাড়ি ছড়া, ঝরনা বা নদীতে ফুল ভাসিয়ে দিয়ে পূজা দেওয়া হয়। বুদ্ধমূর্তিগুলোকেও গোসল করানো হয়। দ্বিতীয় দিন চলে খাওয়া-দাওয়ার উৎসব। তৃতীয় দিনে দল বেঁধে মন্দিরে গিয়ে নতুন বছরের জন্য সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আদিবাসীরা। পাশাপাশি উৎসবের তিন দিন আদিবাসীপাড়াগুলোতে চলে চাকমাদের বিজু নৃত্য, ত্রিপুরাদের গরাইয়া নৃত্য ও মারমাদের পানিখেলা। অনুষ্ঠান সূচি: গত মঙ্গলবার রাঙামাটি শহরে শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসাবি উৎসবের কর্মসূচি। শোভাযাত্রার আয়োজন করে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু উদ্যাপন কমিটি। কাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় রাজবন বিহার পূর্বঘাটে হবে ফুল ভাসানো উৎসব। এরপর সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। একই দিন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটির কিল্যামুড়া এলাকায় হ্রদে ফুল ভাসানো, বয়স্কদের স্নান করানো, গরাইয়া নৃত্য এবং আদিবাসী খেলাধুলার আয়োজন করা হয়েছে বলে জানান ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা।অপর দিকে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) উদ্যোগে রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায় সোমবার অনুষ্ঠিত হবে জলকেলি বা পানিখেলা উৎসব। মাসাসের সভাপতি ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসু চাইন মারমা জানান, উৎসবকে বর্ণাঢ্য করে তোলার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।এদিকে জেলা প্রশাসনের উদ্যোগেও চলছে বর্ষবরণ প্রস্তুতি। নববর্ষের দিন তবলছড়ি এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। এরপর শহীদ মিনার এলাকায় চলবে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঘাইছড়ি: আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি জানান, আদিবাসীদের প্রধান উৎসব বৈসাবি উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ইতিমধ্যে কয়েকটি স্থানে শুরু হয়েছে গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। ৫ এপ্রিল খেদারমারা গ্রামে বৈসাবি ও চিকিৎসক বসুমিত্র চাকমা স্মরণে বিভিন্ন খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। খেদারমারা রিবেং ক্লাবের উদ্যোগে এ আয়োজন উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা। বক্তব্য দেন খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু বিকাশ চাকমা, ইউপির সাবেক চেয়ারম্যান সুচিত্র চাকমা, রিবেং ক্লাবের সভাপতি বিবর্শী চাকমা প্রমুখ। ১৫ এপ্রিল পর্যন্ত এ আয়োজন চলবে।উপজেলার বিভিন্ন গ্রামের আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, বৈসাবি উপলক্ষে উপজেলায় কয়েক দিন ধরে চলছে নানা আয়োজন। প্রতিটি পাড়া-মহল্লায় উৎসাহ-উদ্দীপনায় ঐতিহ্যবাহী নাধেং, ঘিলা, ধুধুক, হেংগ্রং ও চিবে খেলার আয়োজন করা হয়েছে।এ ছাড়া বিজুর দিনে বলী খেলাও থাকবে। সুপন চাকমা নামের এক কিশোর বলে, ‘আমরা এই দিনের জন্য অপেক্ষায় থাকি। ১৪ এপ্রিল পর্যন্ত মেতে থাকব উৎসবে। আনন্দ-উচ্ছ্বাসে নতুনকে বরণ আর পুরোনো বছরকে বিদায় দেব।’শিলকাটাছড়া যুব সংঘ ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণ চাকমা বলেন, বিজু উপলক্ষে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। ১৩ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে প্রতিযোগিতা।