ইন্টারনেটে যা দেখবেন, তা-ই যেন আজ বিশ্বাস করে বসবেন না। আজকের তারিখ মনে আছে তো। ১ এপ্রিল। আজ আপনাকে ‘এপ্রিল ফুল’ বানাতে পারে এমন নানা খবর ইন্টারনেটে পাবেন। এমনই একটি খবর হচ্ছে—সিগারেট খেলে এক বছরের আয়ু বাড়বে। খবরটি ইন্টারনেটে ভাইরাল বা ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হচ্ছ, ধূমপান বড় বড় রোগের কারণ হলেও বিশেষজ্ঞরা একে ভালো বলছেন। এটি কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি করছে না। এটি মারাত্মক রোগ সারিয়ে দিচ্ছে। তাই প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেতে হবে।
এপ্রিল ফুল বানাতে আরেকটি খবর ছড়িয়েছে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগকে নিয়ে। নিউইয়র্ক টাইমস-এর আদলে এক খবর তৈরি করে এতে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তালিকায় রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার। তিনি যুক্তরাষ্ট্রে নিয়মিত যাতায়াত করছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট ওবামা তাঁকে খুব পছন্দ করেন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ধরনের ভুয়া খবর ছড়াচ্ছে বেশি। তাই আজকের দিনটিতে কোনো খবর বিশ্বাস করার আগে বা গুরুত্ব দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। নয়তো বোকা বনবেন।