বোকো হারামে ঘুম হারাম
নাইজেরিয়া সরকারের আরাম হারাম করে ছেড়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। সম্প্রতি তাদের সন্ত্রাসী তৎপরতা চরমে ওঠায় সরকার দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে জরুরি অবস্থা জারি করা হয় বোরনো, ইয়োবে ও আদামাওয়া রাজ্যে। বোকো হারাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত আল-কায়েদার সহযোগী। ২০০২ সালে নাইজেরিয়ার বোরনো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে এ সংগঠনের জন্ম। এটি প্রতিষ্ঠা করেন সংগঠনের বহুল আলোচিত নেতা মোহাম্মদ ইউসুফ। ইসলামি আইন প্রতিষ্ঠা বোকো হারামের লক্ষ্য। বোকো হারাম মনে করে, পশ্চিমা সমাজ-সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে যেকোনো রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড চালানো হারাম বা নিষিদ্ধ। যেমন নির্বাচনে ভোট দেওয়া, শার্ট-প্যান্ট পরা, ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ। বোকো হারাম মূলত ২০০৯ সালে বড় ধরনের সহিংস তৎপরতা শুরু করে। সে বছরই প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মোহাম্মদ ইউসুফকে মৃত পাওয়া যায়। ক্ষুব্ধ বোকো হারাম এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে। এখন নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আধা মরু এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সামরিক সূত্র বলছে, উত্তরাঞ্চলে নাইজেরীয় সেনারা জঙ্গিদের কঠোর প্রতিরোধের মুখে পড়েছে। আন্তসীমান্ত পথে অস্ত্র নিয়ে আসছে জঙ্গিরা। বিশ্লেষকেরা বলছেন, সেনা অভিযানে নাইজেরিয়া চাইলে কেবল নাইজার নয়, প্রতিবেশি চাদ ও ক্যামেরুনের সহযোগিতাও পাবে। কিন্তু এতে আদৌ কি সমস্যার সমাধান হবে? নিরস্ত বা নির্মূল হবে জঙ্গিরা? অনেকের মতে, ইসলামি জঙ্গিরা নাইজেরিয়ার অনগ্রসর দরিদ্র সমাজে অনেকটাই শেকড় গেড়ে বসেছে। ইসলামি শিক্ষার নামে পশ্চিমা সংস্কৃতির বিষয়ে তাদের মন ঢালাওভাবে এতটাই বিষিয়ে তোলা হয়েছে যে এর প্রভাব মুছে ফেলা সহজ ব্যাপার নয়। তাই সেনা অভিযানে বোকা হারাম পরাজিত হলেও তাদের আদর্শ রয়ে যাবে। পরবর্তী সময়ে তা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দাউদ ইসলাম