
১১ বছর বয়সের আবদুর রশিদ পড়ে তৃতীয় শ্রেণীতে। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের পূর্বপাড়া গ্রামে বাড়ির কাছেই একটা বিদ্যালয়ে পড়ে সে। দুপুর ১২টায় বিদ্যালয় ছুটির পর হাজির হয় টেকনাফের জেটিঘাটে। সেখানে জাহাজ, ট্রলার বা ইঞ্জিন নৌকা ভিড়লেই ছুটে যায়। যাত্রীদের মালামাল বহন করে সারা দিন যা আয় হয়, তা তুলে দেয় পরিবারের হাতে। রশিদ একা নয়, তার মতো অনেক শিশুশ্রমিক এই জেটিঘাটে মালামাল বহনের কাজ করে।
সেন্ট মার্টিন ছাড়াও টেকনাফ জেটিঘাটেও শিশুশ্রমিকেরা মালামাল বহনের কাজ করে। এই দুই ঘাটে প্রায় ১০০ শিশুশ্রমিক কাজে নিয়োজিত। আট থেকে ১৬ বছর বয়সের এসব শিশুর আয় দিয়ে চলে তাদের পরিবার। এদের অনেকেই বিদ্যালয়ে লেখাপড়াও করে।
জানা গেছে, ২০০২ সালে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে সাতটি জাহাজ ও অর্ধশত ট্রলার চলাচল করে। পর্যটন মৌসুমে প্রচুর পর্যটক আসেন সেন্ট মার্টিন ভ্রমণে। মূলত ব্যস্ত এই দুটি জেটিঘাটে পর্যটকদের ব্যাগ বহন করে শিশুশ্রমিকেরা।
শিশুশ্রমিকেরা জানায়, দৈনিক ১২০ থেকে ২০০ টাকা আয় হয় তাদের। অনেকের পরিবারে আয় রোজগারে সক্ষম ব্যক্তি না থাকায় তাদের এই পথে নামতে হয়েছে।
সম্প্রতি টেকনাফে দমদমিয়া কেয়ারি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পযর্টকদের ব্যাগ বহন করছে ওই এলাকার ৩০-৪০ জন শিশুশ্রমিক। কথা হয় দমদমিয়া এলাকার নুরুল আমিনের (১৩) সঙ্গে। সে জানায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত বছর তার বাবা মো. হামিদ নিখোঁজ হন। পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের বোঝা বইতে হচ্ছে তাকে। বয়স কম বলে কেউ কাজ দিতে চায় না। এখানে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা আয় হয় তার।
ঢাকা থেকে বেড়াতে আসা পেট্রোবাংলার কর্মকর্তা জিয়াউল করিম বলেন, এ দুটি ঘাট যেন শিশুশ্রমিকদের হাটবাজার। জীবিকার তাগিদে যেভাবে শিশুরা প্রতিদিন পযর্টকদের ভারী ব্যাগ বহন করে, তাতে ওদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
টেকনাফ জেটিঘাটের ইজারাদারের টোল আদায়কারী মো জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিন এই ঘাটে শতাধিক শ্রমিক কাজ করতে আসে, যাদের অধিকাংশই শিশু।
পযর্টন জাহাজ কেয়ারী সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম বলেন, টেকনাফ ঘাটে কোন বয়স্ক শ্রমিক নেই। শিশুরাই একমাত্র ভরসা। তারা পর্যটকদের ব্যাগ টেনে দৈনিক কিছু টাকা রোজগার করে। জাহাজ কর্তৃপক্ষ তাদের বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না।