বোঝাপড়ার মাধ্যমে উপস্থিত থাকেন একজন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন কার্যালয়ে নেই। অন্তর্বিভাগে চিকিৎসা দিচ্ছেন তিনি। তিন-চারজন রোগী জটলা করছেন চিকিৎসা সহকারী কর্ণ বিকাশ চাকমার কক্ষে। ডাকের অপেক্ষায় আছেন তাঁরা। নিবন্ধন খাতা অনুযায়ী তখন পর্যন্ত ১৩ জন রোগীকে চিরকুট দেওয়া হয়েছে। অপেক্ষায় আছেন আরও অর্ধশতাধিক। রোগীদের প্রশ্ন, একজন চিকিৎসকের পক্ষে এত রোগীকে চিকিৎসা দেওয়া কীভাবে সম্ভব?গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেল এমন চিত্র।রোগীরা জানান, হাসপাতালে তিনজন চিকিৎসক থাকলেও প্রতিদিন উপস্থিত থাকেন যেকোনো একজন। এ নিয়ে তাঁদের মধ্যে বোঝাপড়া আছে। বুধবারও একজন চিকিত্সকই ছিলেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছুটিতে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন প্রশিক্ষণে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন কনসালটেন্ট ও তিনজন ইউনিয়নভিত্তিক চিকিৎসা কর্মকর্তাসহ ১৩টি স্বাস্থ্য কর্মকতার পদ রয়েছে। কর্মরত আছেন মাত্র তিনজন। আবাসিক চিকিত্সা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ৪ জানুয়ারি পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এর পরপরই ছুটি নিয়ে পানছড়ি ত্যাগ করেছেন। তাঁর ব্যাপারে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।চিকিত্সা কর্মকর্তা জামাল উদ্দিন জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ রোগী বহির্বিভাগ চিকিত্সা নেন। তবে হাটবারের দিন রোগী বেড়ে যায়। তখন ১০০-২০০ রোগী চিকিত্সা আসেন। এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি বলে তিনি জানান। তিনি জানান, চিকিত্সক না থাকায় প্রসূতি বিভাগ বন্ধ রয়েছে। রেডিওলজির টেকনিশিয়ান থাকলেও এক্স-রে যন্ত্রটি নষ্ট।পানছড়ির দমদম এলাকার ফাতেমা বেগম (২৮) বলেন, ‘টোকেন নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ নিয়েছি। সেবা নিয়ে আমি খুশি।’ পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, চিকিৎসা নিশ্চিত করতে শূন্যপদ পূরণ করা ছাড়া বিকল্প নেই।