বোতল ভূত এবং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ মলাটের ওপর ছোট্ট একটা ডানা মেলা পরির ছবি। কেজি ওয়ানে পড়ার সময় পাওয়া আমার প্রথম গল্পের বই। বাসায় এসেই সদ্য শেখা অক্ষরজ্ঞান নিয়ে বসে গিয়েছিলাম বইটা পড়তে। গল্পের নাম ‘পরীর মেয়ে মেঘবতী’, একসময় পুরো গল্পটাই পড়ে ফেললাম, কিন্তু লেখকের নামেই বিপত্তি। বেশ গোলমেলে নামটা কিছুতেই উচ্চারণ করতে পারছিলাম না। গল্পটা কিন্তু ছিল স্বপ্নের মতো, ছোট ছেলে নাবিল নিজের জন্য দারুণ একটা ঘর পেল; আর সেই ঘরে রাতের বেলায় ঢুকে গেল ছোট্ট একটা পরি, নাম তার মেঘবতী, থুতনিতে তার কাটা একটা দাগ, জোছনা রাতে রাজার পুকুরঘাটে নাচতে গিয়ে পড়ে গিয়েছিল বেচারি, তাতেই এই দশা। মেঘবতী নাবিলের খেলনাগুলো নিয়ে সারা রাত খেলল। তারপর ভোর না হতেই সেই যে গেল আর এল না খেলতে। এর মধ্যে নাবিল বড় হয়ে যেদিন বিয়ে করল, সেদিনই ঘটল মজার ঘটনাটা। নাবিলের বউটা অবিকল দেখতে হলো সেই পরির মেয়ে মেঘবতীর মতো। থুতনিতে কাটা দাগটা পর্যন্ত আছে। এমনকি নামটাও তার মেঘবতী।গল্প শেষ হলো কিন্তু লেখক আমার শিশু মনকে পুরোপুরি ধাঁধার মধ্যে রেখে দিলেন। পরি মেয়েটাই কি বড় হয়ে নাবিলের বউ হলো? কিন্তু পরিদের কীভাবে মানুষের সঙ্গে বিয়ে হয়, তা হলে তার ডানা দুটোরই বা কী হবে? এমনই এক আজব রহস্যে আমি ঘুরপাক খেতে লাগলাম। একটু বড় হয়ে পড়লাম এই লেখকের আরও অনেক বই, আরও অনেক গল্প। সেসব বইয়ে মিশে গেল আমার অনেক আকর্ষণ, কৌতূহল, বেদনা, আনন্দ আর ভালোবাসা। লেখকের নামটাও এত দিনে ঠিকঠাক উচ্চারণ করতে পারি। হিমু কিংবা মিসির আলির জনক হিসেবে যিনি এত জনপ্রিয়, সবার এত পছন্দের, আমার কাছে তিনি অনেক বেশি ভালোবাসার পরীর মেয়ে মেঘবতী, নীল হাতি ও বোতল ভূত-এর মতো অসাধারণ বইয়ের লেখক বলে। তাঁর শৈশব কোন বই পড়ে কেটেছে জানি না, কিন্তু তাঁর এসব বইয়ের হাত ধরেই বড়বেলায় এসেও আমার ছেলেবেলাটাকে টেনে আনতে পারি; আর এর চেয়ে বেশি আনন্দের কী-ই বা হতে পারে।আফরিন সুলতানা চৌধুরীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।