আলেজান্দ্রা জেনিকা। বয়স ২৫। থাকেন পোল্যান্ডে। কদিন আগে তিনি ঘুরতে গিয়েছিলেন পোল্যান্ডের এক সমুদ্রতীরে। বালুকাবেলায় হাঁটছেন, ঠিক তখন দেখলেন পানিতে ভাসছে একটা বোতল। খুলে দেখেন ভেতরে একটা চিঠি। সেখানে লেখা: ‘আমি জানি, ভালোবাসার মানুষটিকে হারানো কতটা কষ্টের!’ চিঠির প্রেরক পাওয়েল নামের অজানা মানুষটি আরও লিখেছেন, ‘ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলাম। কিন্তু হায়, শেষমেশ কষ্টই লেখা ছিল নিয়তিতে!’ সেই চিঠি পড়েই জেনিকা ভাবলেন, খুঁজে পেয়েছেন মনের মানুষকে। তাই দেরি না করে পোলিশ প্রচারমাধ্যমের দ্বারস্থ হলেন তিনি। বললেন, ‘মানুষটিকে খুঁজে পেতে সাহায্য করুন আমাকে।’ চিঠির প্রেরককে খুঁজে পেলে নাকি বিয়ে করে ফেলবেন জেনিকা! অরেঞ্জ নিউজ। এক থাপড়ে ভালুক কুপোকাত!আলাস্কার জুনিউ অঞ্চলে বাস করেন ব্রুক কলিনস। ফাজ ও টকি নামের দুটি কুকুর আছে তাঁর। এক বিকেলে কুকুর দুটি খেলছিল ২২ বছর বয়সী ব্রুকের বাড়ির পেছনের দিকে। কিন্তু হঠা ৎ চমকে গেলেন ব্রুক: ‘দেখি, একটা ভালুক ফাজের ওপর আক্রমণের চেষ্টা করছে। থাবা দিয়ে নাকে আঘাত করছে প্রায়। মাথায় রক্ত চড়ে গেল। দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে গেলাম উঠানে। কষে একটা থাপড় দিলাম পাজি ভালুকটার নাক বরাবর। আর কী কাণ্ড! ভয়ে উল্টো দিকে দৌড় লাগাল প্রাণীটা। বেঁচে গেল ফাজ।’ এমন খবর শুনে তো সবাই তাজ্জব। তবে তরুণী ব্রুক উল্টো অনুতপ্ত, তিনি নাকি ভুল করেছেন! বলেছেন, ‘মাথা এত গরম হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি তখন। আসলে ওভাবে ভালুকটার ওপর চড়াও হওয়া ঠিক হয়নি!’ অরেঞ্জ নিউজ।