বোতাম-জিপারের বদলে পাওয়া গেল সার্কিট ব্রেকার ও শোধনযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নথিপত্র অনুযায়ী কনটেইনারে থাকার কথা পোশাকশিল্পের সরঞ্জাম—বাটন, জিপার ও লেবেল। অথচ কনটেইনার খোলার পর দেখা গেল সারি সারি সাজানো পানিশোধনের যন্ত্র ও সার্কিট ব্রেকার। গত বুধবার বিকেলে বন্দর জেটিতে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে এ চিত্র দেখতে পান কাস্টম হাউসের গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকার ফকিরাপুলের অনশি এন্টারপ্রাইজ এভাবে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাসের অপচেষ্টা করে ধরা পড়ে যান গোয়েন্দা কর্মকর্তাদের হাতে। কাস্টম হাউসের রপ্তানি গোয়েন্দা শাখার রাজস্ব কর্মকর্তারা জানান, শুল্কমুক্তভাবে পোশাকশিল্পের কাঁচামাল আমদানির সুযোগ নিয়ে আমদানিকারক শুল্কযুক্ত এই পণ্য আমদানি করেছেন। কাস্টম হাউসের নথিপত্রে দেখা যায়, কোরিয়া থেকে পাঁচ হাজার ৫৯৮ ডলার মূল্যের পোশাকশিল্পের সরঞ্জাম আমদানির ঘোষণা দেন আমদানিকারক। পণ্যের ওজন দেওয়া হয় পাঁচ হাজার ৪০৩ কেজি। আমদানিকারকের প্রতিনিধি ৮ জুলাই কাস্টম হাউসে আমদানি দলিল (নম্বর-২৮৯৪৫১) জমা দেন। গত মঙ্গলবার বন্দর জেটি থেকে পণ্য সরবরাহ নেওয়ার সময় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির খবর পান গোয়েন্দারা। তাৎক্ষণিকভাবে কনটেইনার আটক করা হয়। সরেজমিনে পরীক্ষার সময় রপ্তানি গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা জুলফিকার আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাশেম ও শাহনেওয়াজ ভূঁইয়া, আমদানি গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। যোগাযোগ করলে সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে হিসাব করেছি আমরা। ১৫১ কার্টনে পানিশোধনের যন্ত্র এবং সার্কিট ব্রেকার পাওয়া গেছে, যা আমদানিকারকের ঘোষণায় ছিল না।’ আমদানিকারকের পক্ষে এই পণ্য খালাসে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান খুশবু এন্টারপ্রাইজ-২। প্রতিষ্ঠানের কর্ণধার মো. মুরাদ এ প্রসঙ্গে বলেন, ‘আমদানিকারক আমাকে না জানিয়ে এভাবে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করেছেন। আমার কিছুই করার ছিল না।’