বোধনের আবৃত্তি সন্ধ্যা
গত শুক্রবার সন্ধ্যায় বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়ে গেল ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এবার ছিল ৩৩তম আসর। এতে অতিথি ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী। প্রথমে আবৃত্তি পরিবেশন করেন তৈয়বা জহির। তিনি আবৃত্তি করেন ‘আদিম’, ‘রাজনীতির খেলা’, ‘জন্ম দিও বঙ্গে’, ‘উকিলের বুদ্ধি’, এবং ‘মণি আমাদের শোণিতে আবার আগুন ধরিয়ে দাও’। শিল্পী শুভ রক্ষিত পরিবেশন করেন, ‘জন্মান্তর’, ‘আমার অস্তিত্ব আমার ঠিকানা’, ‘অন্য চোখে’, ‘কৃষ্ণচূড়ার কাছে’, ‘আমি কি বলতে পেরেছিলাম’, ‘বলো তারে’ ‘শান্তি শান্তি’, ও ‘রক্তাম্বরধারিণী মা’। অরণী বসুর ‘ছেলেটা’ কবিতা দিয়ে পরিবেশনা শুরু করেন নাঈমা নাজনীন। এরপর একে একে আবৃত্তি করেন ‘লুকোচুরি’, ‘তুমি আসলে’, ‘কালুরাম লালুরাম অঞ্জলির কথা’ ও ‘মুধুর ছড়া’। এরপর শিল্পী সঞ্জয় পাল মঞ্চে আসেন একগুচ্ছ প্রেমের কবিতা নিয়ে ‘রোমান্টিক’, ‘যাত্রাভঙ্গ’, ‘সবুজ বয়সের চিঠি’, বৃষ্টিমুখর প্রথম দেখা’, ‘বাঁশি’ এবং ‘শুধু সেই প্রতিশ্রুতির জন্য’ কবিতাটি দিয়ে শেষ করেন তাঁর পরিবেশনা। শিল্পী জসিম উদ্দীন পরিবেশন করেন ‘বঙ্গমাতা’, ‘সত্য ফেরারী’, ‘শপথ’, ‘পাতকী সংলাপ’, ‘চশমাটা মুছে নিন’সহ বেশ কিছু কবিতা। শেষে মঞ্চে আসেন শিল্পী সায়রা শাহীদ। তিনি পরিবেশন করেন ‘জানালা খুলে দাও’ ‘ম্যানহাটানের প্রতি’, ‘চাবি’, ‘তিন গাধা’, ‘পৃথিবীকে বলুন আমি শান্তির দরজা খুলছি।’ একক পরিবেশনা শেষে পরিবেশিত হয় অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচনায় বৃন্দ প্রযোজনা ‘রবীন্দ্রনাথ’।