বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ কোর্সের সমাবর্তন উপলক্ষে ৮ আগস্ট কবিতা ও কথামালা নিয়ে জমজমাট আসর হয়ে গেল শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সমাবর্তন অনুষ্ঠানে বোধন স্কুলের ৭৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া আয়োজনে ছিল আলোচনা অনুষ্ঠান। আবৃত্তিশিল্পী রণজিৎ রিক্ষতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মো. রোসাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন বোধন আবৃত্তি পরিষদের অর্থ সম্পাদক শিমুল নন্দী। আলোচনায় বক্তারা বলেন, কবিতা মানুষের ভেতরকার সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে পারে সহজেই; পারে অস্থিতিশীল সমাজে সুস্থ মনের মানুষ তৈরি করতে। তাই কবিতা অনেক বড় একটি শক্তি।
এরপর প্রশিক্ষণ শেষ করা নবীন আবৃত্তিকারদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। আলোচনার পর ছিল আবৃত্তির পর্ব। শুরুতে ছিল নবীন আবৃত্তিশিল্পীদের একক পরিবেশনা। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শব্দশ্রমিক’ কবিতাটি আবৃত্তি করেন অভিজিৎ বড়ুয়া। এরপর একে একে প্রশিক্ষণার্থীরা এ পি জে আবদুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, মহাদেব সাহা, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, শামসুর রাহমান, আহসান হাবীবসহ অনেক কবির কবিতা আবৃত্তি করেন।
খুদে আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তির পরিবেশনাও নজর কেড়েছে দর্শকদের। ছিল বৃন্দ আবৃত্তি আর শ্রুতি নাটক।
কবির উপস্থিতিতে কবিতা পাঠ: ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে কবির উপস্থিতিতে কবিতা পাঠের আসর। ‘কবিতার ছবি, কবিতার কবি’ শিরোনামের এ অনুষ্ঠানের নবম পর্বের আসর বসবে সেদিন। এতে কবি এজাজ ইউসুফী, সেলিনা শেলী ও মানজুর মুহাম্মদের নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন বোধনের আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি বাদল সৈয়দ।