বোধনের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোধনের ২২ বছর পূর্তি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছেন এক শিল্পী
বোধনের ২২ বছর পূর্তি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছেন এক শিল্পী

৮ অক্টোবর বোধন আবৃত্তি স্কুলের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল আবৃত্তির আসর। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এই অনুষ্ঠান উপলক্ষে এক হয়েছিলেন বোধনের নতুন ও পুরোনো সদস্যরা।
আয়োজনের শুরুতে ছিল বোধনের শিশু বিভাগের পরিবেশনা। শিশুদের আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের। এই পর্বের সঞ্চালনায়ও ছিলেন বোধন স্কুলের শিশু বিভাগের দুই প্রাক্তন শিক্ষার্থী আবু সাইদ ও শ্রেয়সী স্রোতস্বিনী।
ছোটদের আবৃত্তি শেষ হলে মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। তিনি বলেন, ‘বোধন আবৃত্তি স্কুল থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। এরাই কবিতা ও আবৃত্তিশিল্পকে সবার মাঝে ছড়িয়ে দেবে। আর শিল্প কখনোই আবদ্ধ রাখার বিষয় নয়, একে মন থেকে জাগ্রত করে ছড়িয়ে দিতে হয়। নয়তো শিল্পের সঙ্গে নিজের শৈল্পিক মনটিরও মৃত্যু ঘটে।’ এরপর রণজিৎ রক্ষিত আবৃত্তি করে শোনান ‘পিয়ারী লাল’ শিরোনামের কবিতা। এ সময় কথামালা নিয়ে মঞ্চে আসেন বোধনের উপদেষ্টামণ্ডলীর সদস্য পঞ্চানন চৌধুরী। কথামালা শেষে আবার শুরু হয় আবৃত্তির পরিবেশনা। এই পর্বে একে একে মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, ইসমাইল সোহেল, সঞ্জয় পাল, বুলবুল মুৎসুদ্দি, শিমুল নন্দী, জাভেদ হোসেন, শিশির বড়ুয়া, শারমিন মৃত্তিকা, মুক্তা বড়ুয়া, প্রতিম দে, লিমন সিকদার, সোমা বনিক, চন্দনা ভট্টাচার্য ও বেনজীর বিনতে শওকত। বড়দের আবৃত্তির এই পর্ব উপস্থাপনায় ছিলেন অনিন্দিতা দে, মৃণালিনী দেবী ও তৌহিদা জান্নাত। সবশেষে সমবেত কণ্ঠে ‘আমরা করব জয়’ গানের মধ্য দিয়েই শেষ হয় এ আনন্দ আয়োজন।