বোধনের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়’—মঞ্চের সামনে জ্বালানো প্রদীপ সাক্ষী রেখে দেশকে ভালোবাসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন একঝাঁক নবীন আবৃত্তিশিল্পী। গত ২৯ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় বোধন আবৃত্তি স্কুলের ৩৪তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান। এতে আলোচক ও প্রধান অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান। এ ছাড়াও ছিলেন বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ রণজিৎ রক্ষিত এবং সভাপতি আবদুল হালিম দোভাষ। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘আবৃত্তি এমন একটি শিল্প, যা আমাদের কল্পনাকে বিস্তৃত করে, মনোজগৎকে সমৃদ্ধ করতে সাহায্য করে।’ অতিথিদের বক্তব্যের পর ক ও খ বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। সনদ বিতরণ শেষে শুরু হয় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বোধন আয়োজিত এ সমাবর্তনে কবিগুরুর কবিতাই ছিল প্রধান উপজীব্য। ক ও খ বিভাগের শিক্ষার্থীদের বৃন্দপরিবেশনা ‘ত্রাণ’ মুগ্ধ করেছে সবাইকে। এরপর ক ও খ বিভাগের শিক্ষার্থীরা একক আবৃত্তি পরিবেশন করে। ক বিভাগে শিক্ষার্থীদের মধ্যে অদ্রিকা দাশ, মৌপিয়া বিশ্বাস ও সৌম্যাজিৎ চক্রবর্তীর পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। ছোটদের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে সেঁজুতি দের ‘সমালোচক’ কবিতার আবৃত্তি। খ বিভাগে রূপশ্রী সেনগুপ্তার কণ্ঠে ‘সবলা’ কবিতার আবৃত্তি ছিল শ্রুতিমধুর। এ ছাড়া তাহিনা আকতার, পায়েল চৌধুরী, মুন্না দের আবৃত্তি দর্শকের হূদয় স্পর্শ করেছে। একক আবৃত্তির পর পরিবেশিত হয় খ বিভাগের বৃন্দআবৃত্তি ‘হতভাগ্যের গান’। অনুষ্ঠান শেষ হয় ক বিভাগের শিক্ষার্থীদের বৃন্দআবৃত্তি ‘শ্রাদ্ধ’-এর মাধ্যমে। ‘খেঁদু বাবুর এঁধো পুকুর। মাছ উঠেছে ভেসে’—হাস্যরসে ভরপুর কৌতুকপূর্ণ এ পরিবেশনা ছিল অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মো. ফারুক আজম ও বীথিকা বসাক।