বোধনের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধুলো-মলিন ঘরের একটি কোণে অন্ধকারে অবহেলায় এক বিবর্ণ মেয়ে পড়ে ছিল। তার প্রতি কারও চোখ পড়েনি। একদিন এক লোক এসে মেয়েটির গায়ের ধুলো ঝেড়ে ফেলল, তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এল। মেয়েটির নাম কবিতা। আর তাকে যে আলোয় নিয়ে এল সে আবৃত্তিকার। বোধনের উদ্যোগে নতুন শিল্পীরা মঞ্চে পরিবেশনার সুযোগ পাচ্ছে। এই প্রেরণা তাদের অনেক ওপরে উঠতে সাহায্য করবে।’ কবি ও সাংবাদিক ওমর কায়সার বোধনের ৩২তম আবৃত্তিসন্ধ্যায় শিল্পীদের কবিতাপাঠ শেষে তাঁদের পরিবেশনার ওপর আলোচনায় এ কথা বলেন।নতুন আবৃত্তিশিল্পীদের প্রতিভা বিকাশে বোধন আবৃত্তি সংগঠন ১৯৯৭ সাল থেকে ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আবৃত্তিসন্ধ্যা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। আমন্ত্রিত শিল্পী উচ্চারক আবৃত্তিকুঞ্জের এ এস এম এরফানসহ বোধনের ছয়জন আবৃত্তিশিল্পী অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। রমিজ উদ্দীনের পরিবেশনা ‘বারবারা বিডলার’, ‘কাস্তে’, পাপড়ি সিকদারের ‘বোশেখ’, ‘শস্য ফলবে’, মো. ফারুক আজমের ‘উৎসর্গ’, ‘কন্সট্রেশন ক্যাম্প’, তৌহিদা জান্নাতের ‘আমরা ক’জন’, স্বাধীনতা সাহসী যোদ্ধা’, এ এস এম এরফানের ‘শান্তিপ্রিয় ইচ্ছেগুলো’, ‘আফ্রিকা’, বীথিকা বসাকের ‘ডাকঘরের অমল’, ‘একলা মেয়ে’ এবং সোহেল আনোয়ারের ‘হারাধনের দশটি ছেলে’ ‘সোনার বাংলা’ দর্শকদের মুগ্ধ করে।নরেন আবৃত্তি একাডেমির কর্মী মিশফাক রাসেল এসেছিলেন অনুষ্ঠান দেখতে। বললেন, বোধনের শিল্পীরা এখন অনেক ভালো করছেন। তবে সার্বিকভাবে পরিপূর্ণতা আনতে আরও সাধনার দরকার। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সোহেল আনোয়ার। সঞ্চালনা করেন সঞ্জয় পাল।