বোধনের 'আবোল তাবোল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুকুমার রায়ের ছড়া নিয়ে বোধন আয়ো​িজত আবৃত্তির আসরে আবৃত্তি করছে এক শিশুশিল্পী l প্রথম আলো
সুকুমার রায়ের ছড়া নিয়ে বোধন আয়ো​িজত আবৃত্তির আসরে আবৃত্তি করছে এক শিশুশিল্পী l প্রথম আলো

সুকুমার রয়ের ছড়া সংকলন আবোল তাবোল মানেই নির্মল হাসি ও আনন্দের ঝরনাধারা। শৈশবে ‘বাবুরাম সাপুড়ে’, ‘আহ্লাদী’ বা ‘সৎপাত্র’ পড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়েনি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। বোধন আবৃত্তি পরিষদ যেন সেই শৈশবকেই আরও একবার ফিরিয়ে আনল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি)। ২ অক্টোবর সন্ধ্যা সাতটায় ‘আবোল তাবোল’ শিরোনামে বোধনের আবৃত্তির আসর সাজানো হয়েছিল সুকুমার রায়ের ছড়া দিয়ে। শিশু থেকে বৃদ্ধ সব বয়েসের দর্শকদের কাছেই সমান উপভোগ্য ছিল আসরটি।
যারা হাসতে চান না সুকুমার রায়ের ভাষায় তারা ‘রামগরুড়ের ছানা’। আসরে দর্শক সারিতে এমন ‘রামগরুড়ের ছানা’ থাকলেও না হেসে উপায় ছিল না কারও। বোধনের শিশুশিল্পী শারদীয়া দত্তের মিষ্টি কণ্ঠে যখন উচ্চারিত হচ্ছিল ‘সদাই মরে ত্রাসে-ঐ বুঝি কেউ হাসে! /এক চোখে তাই মিটমিটিয়ে/ তাকায় আশেপাশে।’ তখন হাসির ঢেউ উঠেছিল মিলনায়তনে। বোধনের শিশুশিল্পীদের জমজমাট এই পরিবেশনায় ছিল একক, দ্বৈত, দলীয় আবৃত্তি ও পাঠ।
আসরের শুরুতে আবু সাঈদের নির্দেশনায় বোধনের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘আবোল তাবোল’ শিরোনামের ছড়াটি। এরপর বোধনের শিশুশিল্পীরা পরিবেশন করে ‘অবুঝ’, ‘কি মুস্কিল’, ‘ভালো ছেলের নালিশ’, ‘বুড়ির বাড়ি’, ‘ফসকে গেল’সহ বেশ কিছু ছড়া। আবৃত্তিতে অংশ নেয় শিশুশিল্পী অনামিকা দে, আরজু সেন, প্রিয়ন্তী বড়ুয়া, সবিশেষ নাথ, নাওশিন নাওয়াল ও মাহাদি মাহবুব।
একক আবৃত্তির পর আবারও বৃন্দআবৃত্তির পালা। তনুজা চক্রবর্তীর নির্দেশনায় ‘দিনের হিসাব’ শিরোনামে বৃন্দআবৃত্তি করে শিশুশিল্পীরা। এরপর আবার একক আবৃত্তি করে পূর্ণতা বড়ুয়া, রিয়া দাশগুপ্ত ও তুহিনাদ্রি মজুমদার। তারা শোনায় ‘শব্দকল্পদ্রুম’, ‘ভয় পেয়ো না’ ও ‘নোটবই’ শিরোনামের ছড়া। আসরে ‘কিছু চাই’, ‘ঢপ ঢপ ঢাক ঢোল’, ‘কত বড়’, ‘নিঃস্বার্থ, ‘সৎ পাত্র’, বোম্বাগড়ের রাজা’, ‘ভারী মজা’, ‘দুষ্টুলোকের মিষ্টি কথায়’, ‘সন্দেশ’, গোঁফ চুরি’, ‘বিষম কাণ্ড’, ‘প্যাঁচা কয় প্যাঁচানী’, ‘বাবুরাম সাপুড়ে’, ‘রামগরুড়ের ছানা’ শুনে নিখাদ আনন্দ পেয়েছেন দর্শকেরা। আবৃত্তিতে অংশ নিয়েছেন ঐশ্বর্য সরকার, সৈয়দা মাহশুরাতুল আতকিয়া, বিদ্যাশ্রেয়া তলাপাত্র মিথিলা মিত্র, রাতুল চৌধুরী, রাতুল দত্ত, রাতুল নন্দী, বিদ্যাশ্রেয়া তলাপাত্র, দেবষ্মিতা বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, শ্রয়ান সৌর্য দত্ত। ভালো লেগেছে প্রণব চৌধুরীর নির্দেশনায় ‘নেড়া বেলতলায় যায় কবার’ শিরোনামের ছড়াটি। প্রায় দুই ঘণ্টার আয়োজনে প্রচণ্ড হাস্যরসে মাতিয়ে রাখে বোধনের অর্ধশতাধিক শিশুশিল্পী।