বোন একটা!
গত বছর ঈদে আমার ছোট বোনকে কাপড় কিনে দিতে মার্কেটে গিয়েছিলাম। অনেক দোকান ঘুরে হঠাৎ একটা কাপড়ে তার চোখ আটকে গিয়েছিল। অনেক ঘোরাঘুরির পর তাকে অবশেষে পছন্দ করাতে পেরে আমিও স্বস্তিবোধ করছিলাম। কাপড়টা সে নেবেই। কিন্তু বাদ সাধল সাইজ। দোকানি মুখস্থ করা বুলি ছুড়তে লাগল—এই কাপড় একটাই, অনলি এক পিস, সরাসরি সিঙ্গাপুর থেকে এনেছি। অগত্যা যখন বের হয়ে আসছি, তখন দোকানি আমাদের একটু দাঁড়াতে বলে কাপড়টা নিয়ে একটু পর ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আপনাদের ভাগ্য ভালো। আরেকটা পাওয়া গেছে। একেবারে পারফেক্ট সাইজ। কাপড়টি তার গায়ে জড়িয়ে দিয়ে আমিও বলি, হ্যাঁ, সাইজটা তো পারফেক্টই হয়েছে। ‘রাখো তোমার পারফেক্ট সাইজ!’ দোকানিকে রাগী স্বরে বলল আমার বোন, ‘আপনি আগেরটা নিয়ে আসুন। আমি আগেরটাই নেব।’ দোকানি ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, ‘আগেরটা দিয়ে কী করবেন। এটাই আপনার পারফেক্ট সাইজ। তা ছাড়া আগেরটা অনেক দূরে রেখে এসেছি। এত কষ্ট করতে পারব না। এটা আপনাদের নিতেই হবে।’তখন বোন বলল, ‘১০ মিনিট অপেক্ষা করুন, কাপড় আমাকে নিতেই হবে, নাকি আপনাদের দোকান বন্ধ করতে হবে দেখাচ্ছি। ভাইয়া, মামাকে ফোন করো। র্যাবের মহাপরিচালকের ভাগনির সঙ্গে প্রতারণা!’ ক্লাস সিক্সে পড়া আমার এই পিচ্চি বোনের চাপাবাজি (র্যাবের চৌদ্দগুষ্টিতেও আমার মামা অথবা আমার চৌদ্দগুষ্টিতেও র্যাব নেই) দেখে হাসব (যদিও দোকানি প্রতারণার আশ্রয় নিয়েছিল) নাকি কাঁদব বুঝতে পারছিলাম না। কারণ, দোকানির আমার পিচ্চি বোনের পায়ে পড়ে কী যে কান্না! আর আমিও কত বোকা, দোকানি যে একটা কাপড় দুই সাইজ বলে চালিয়ে দিতে চেয়েছিল, সেটা বুঝতে না পেরেই বলেছিলাম, হ্যাঁ, সাইজটা পারফেক্টই হয়েছে! অর্থনীতি বিভাগ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।