বোন জোর নো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার প্রচণ্ড ঠান্ডা পড়েছিল মিলান শহরে। সারা শহর ঢাকা পড়ে গিয়েছিল বরফে। বার কিংবা ক্যাফে স্টলে ইতালিয়ান বুড়োবুড়িরা খেতে খেতে এ ওকে আর ও একে বলাবলি করছিল, গত ৫০-৬০ বছরেও মিলানে এ রকম ঠান্ডা পড়েনি, বরফ তো দূরের কথা। কেউ কেউ আবার ঠান্ডার সঙ্গে বাড়তি প্রাপ্তি বরফের প্রসঙ্গে বলছিল, আরে ভাই, আগে তো আমাদের বরফ দেখতে হলে যেতে হতো সুইজারল্যান্ড, জার্মান কিংবা রাশিয়ায়। এখন কী মজা, আমাদের মিলানিজদের (যারা মিলানে স্থায়ীভাবে আবাস গেড়েছে, তারা গর্ব বোধ করে নিজেদের মিলানিজ বলতে)। আমাদের আর বরফ দেখতে গাঁটের পয়সা খরচ করে অন্য দেশে যেতে হবে না। ইতালির বিভিন্ন শহরের ক্যাফে স্টলে ঢুকলে একটা সাধারণ দৃশ্য চোখে পড়বে, সেটা হলো ক্যাফে স্টলের ভেতরের টেবিল-চেয়ার আর রাস্তার ধারের ফুটপাতে যেসব টেবিল-চেয়ার দেওয়া থাকে, তার সবগুলো বুড়োবুড়িরা দখল করে জম্পেশ আড্ডা জমাবে। কে দাঁড়িয়ে রইল, কে বসে রইল—হু কেয়ারস! বেশির ভাগ বুড়োবুড়ি চলে গেছে পেনশনে। মাস শেষে পেনশনের টাকা কোথায় ওড়াবে? বারের স্লটিং মেশিনের ভেতর কাঁড়ি কাঁড়ি ইউরো গচ্চা দেওয়ার পরও হাতে থেকে যায় বাড়তি পয়সা। এক ধরনের কাগজে ছাপা লটারি ঘষেও বাড়তি ইউরো এস্তেমাল করার পর যে উদ্বৃত্ত থেকে যায়, সেগুলো চলে আসে এসব বার কিংবা ক্যাফের দোকানগুলোয়। আর হাল আমলে এসব দোকানের বেশির ভাগ মালিকানাই চলে গেছে নাক বোঁচা চীনাদের হাতে। ইতালিয়ান বুড়োরা আবার চীনা মেয়েদের প্রতি অতিশয় দুর্বল। আর ব্যবসার খাতিরে এসব চীনা কি ইতালিয়ান কাস্টমারদের ছাড়ে! একদল বুড়ো যদি দিনে তিন-চার ঘণ্টা একটি বার বা ক্যাফে স্টলে থাকে, তবে তার সঙ্গে আরও কয়েক বুড়ো এসে একজোট বাঁধবে—তখন কেউ বিয়ার, কেউ পানীয়, কেউ পিত্জা, কেউ পাস্তা, কেউ স্লটিং মেশিনে পয়সা ঢালবে। তার মানে এক বুড়োকে কোনোভাবে আটকাতে পারলেই হলো, ইউরো আর ইউরো। বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস। গরম কাপড়েও মানছে না। উপায় না দেখে আজিম ক্যাফে খাওয়ার জন্য একটা বারে ঢুকল। বারে ঢোকার সঙ্গে সঙ্গে একটা গরম হাওয়া যেন তাকে ধাক্কা দিল। ভেতরে অনেক মানুষ। নানা রকমের ক্যাফে তৈরিতে সর্বশেষ পটু ইতালিয়ানরা। লাইন ধরে ক্যাফে খাচ্ছে তারা। আর যে দুজন ইতালিয়ান মেয়ে মেশিনে ক্যাফে তৈরি করে পরিবেশন করছে, তাদের অবস্থা দেখার মতো। ফর্সা চেহারার দুই সুন্দরী যদিও শুকনো হাসি হাসি মুখে ক্যাফের কাপ-পিরিচে করে কাস্টমারদের দিকে পরিবেশনের জন্য বাড়িয়ে দিচ্ছিল। আজিম ক্যাশ কাউন্টারে এক ইউরোর একটা কয়েন দিয়ে বলল, : বোন জোর নো, পেরফাভোরে দাই মে উন কাফেফ মাকিয়াতো (শুভ সকাল, অনুগ্রহ করে আমাকে এক কাপ ক্যাফে মাকিয়াতো দেবেন?)। কাউন্টারে যিনি কাজ করছেন, তিনিও কম যান না। মুখে হাসি ঝুলিয়ে (বাংলায় যাকে বলে বিগলিত চিত্তে) একটা টোকেন ধরিয়ে দিয়ে বললেন, প্রেগো (স্বাগতম)। কাউন্টারের ওখান থেকে টোকেন নিয়ে আজিম ক্যাফে খাওয়ার জন্য ছোটখাটো একটা লাইনে দাঁড়াল। বাইরে অস্পষ্ট, কিছুই দেখা যায় না। শীতার্ত মানুষের জন্য একটু উষ্ণতা কী যে প্রয়োজনীয়, সেটা অনুভব করছে বারের ভেতরের সবাই। আজিম টোকেনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার তখন মনে পড়ে গেল পুরান ঢাকার কথা। বাবুবাজার লেন ছেড়ে দয়াগঞ্জের কাছাকাছি দিনার হোটেলের গরম চায়ের কথা মনে পড়ে গেল। আহা! কত দিন ধরে খাওয়া হয় না সেই চা। কত দিন? পুরান ঢাকার অলিগলিতে যে রকম একটা গন্ধ থাকে, মুহূর্তের মধ্যে সে রকম একটা স্মৃতিকাতর গন্ধের ভেতর ডুবে গেল আজিম। কিছুক্ষণ পর তাকে কাজের ওখানে গিয়ে কাপড় পাল্টে ঢুকতে হবে। নাক-মুখ বন্ধ করে টানা আট ঘণ্টা কাজ করতে হবে। সেসব কথা তার মনে একবারও বড় হয়ে ওঠে না। আজিম মিলানের এক বারে ক্যাফে খেতে খেতে হাজার মাইল দূরের ঢাকা শহরের এক পুরোনো গলিতে, যেখানে সে বড় হয়েছে, সেই মহল্লার বাড়িঘরের, ইট-কাঠের ভেতর হারিয়ে যেতে থাকে। মাহবুব রেজা, ইতালি।[email protected]