বোন দিবস
পৃথিবীজুড়ে কত দিবস পালিত হয়। মা দিবস, বাবা দিবস, শিশু দিবস, বন্ধুত্ব দিবস, ভালোবাসা দিবস, ভাইফোঁটা আরও কত কি? অথচ কোথাও কোনো বোন দিবস আছে বলে শুনিনি। আমার ছোট বোনটির কথা বলি। জন্মের সাত দিনের মাথায় ওই ছোট্ট মুখে এত হাসি দেখে আব্বা নাম দিলেন হ্যাপি। সেই থেকে আব্বার নামকরণের সার্থকতা সে প্রমাণ করে আসছে আজ অবধি। আমি বলি, হ্যাপি হচ্ছে হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকের মতো। যার যত মন খারাপ থাকুক, যে যত রাশভারী লোক হোক না কেন, বহুব্রীহি নাটক দশ মিনিট দেখলে তাকে যেমন হাসতে হয়, ঠিক তেমনি হ্যাপির সঙ্গে থাকলে যে কেউই হাসতে বাধ্য। এমনকি গুরুগম্ভীর পরিবেশকে হালকা করে দিতে হ্যাপির কোনো জুড়ি নেই। প্রতিটি পরিবারে একজন ‘হিরো’ থাকে, যাকে ঘিরে পরিবারের সব কার্যকলাপ চালিত হয়। আমাদের পরিবারের সেই হিরোটি হচ্ছে হ্যাপি। ঈদের বাজার, বিয়ের বাজার, ডাক্তার দেখানো, বাসায় কাজের লোক নেই, কারও মন খারাপ, নয়তো একটা সিদ্ধান্ত নিতে হবে—এসব ব্যাপারেই হ্যাপিকে চাই। আমি বড় হলেও সব আবদার করে বসে থাকি হ্যাপির কাছে। কারও নতুন বই বেরিয়েছে—সেটা আমার চাই, শুনলাম ওই নাটকটা ভালো—খুব দেখতে ইচ্ছে করছে সুতরাং সিডি প্রয়োজন, ছুটিতে দেশে যাব—মেয়ের জন্য গানের টিচারের সঙ্গে কথা বলে সময় চেয়ে নেওয়া, নীল জমিতে সবুজ কাজ করা জামদানি শাড়ি কিনে রাখা, পছন্দের গানের সিডি কিনে রাখা আরও কত কি। এসবই হ্যাপি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জোগান দেয়। যখন বলি, তোমাকে অনেক ঝামেলা দিলাম। হ্যাপি সহজাত হাসি দিয়ে বলবে, ‘আপু, তুমি যে এখনো গান শোনো, বই পড়ো—আমার খুব ভালো লাগে, আমি তো সময়ই পাই না।’ সময় সে সত্যিই পায় না। একসময় খুব ভালো গান করত, বিতর্ক করত, সাইকেল চালিয়ে সারা পাড়া ঘুরে বেড়াত। প্রতিটি খেলা বিশেষ করে ফুটবলে ছিল দারুণ আগ্রহ। সব খেলার খবর ছিল তার মুখস্থ। এসব কিছু ছেড়ে কর্মক্ষেত্র আর সংসারের কাজেই ঢেলে দিয়েছে সব পারঙ্গমতা। এত কিছু করে সে সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে। এতটাই জায়গা সে করে নিয়েছে যে তার শ্বশুর কোনো দিন ‘মা’ ছাড়া অন্য কিছু বলে ডাকেননি, শাশুড়ির মৃত্যুশয্যায় সে-ই থেকেছে অতন্দ্রপ্রহরীর মতো তিন মাস। এ বাড়িতেও আব্বা-আম্মার মানস ছায়াসঙ্গী সে। ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মী, বাড়ির কাজের লোকজন সবার খুব কাছের মানুষ আমাদের হ্যাপি। আমার যখন দুই ছেলের পর মেয়ে এল, সবাই অভিনন্দন আর উপদেশবাণী পাঠাচ্ছে, তখন একদিন ঢাকা থেকে অনেক দূরের এক হোস্টেল থেকে এক চিঠি এল, ‘আপু, এই বিদেশে তুমি তিন বাচ্চা কেমন করে সামাল দাও? ইশ্ আমি যদি কাছে থাকতাম তোমার সব কাজ করে দিতাম।’ এটুকু পড়ে সেদিন আমি খুব কেঁদেছিলাম। ও কী করে জানল যে আমরা দুজন লেখাপড়া করে তিন বাচ্চা নিয়ে সত্যিই হিমশিম খাচ্ছি! সে সময় ই-মেইল, স্কাইপ, ফোন কার্ড ছিল না। হাতে লেখা চিঠিই যোগাযোগের প্রধান মাধ্যম, আমি তো কখনো কিছু কাউকে জানাইনি, হ্যাপি কী করে বুঝল?আমি অনেক ছোটবেলায় বিদেশে চলে গেছি, সেও ডাক্তারি পড়তে ঢাকার বাইরে, সুতরাং দুই বোন হিসেবে একসঙ্গে আমাদের বাড়িতে আমরা খুব কম সময়ই থেকেছি। তবু কোন অলৌকিক ক্ষমতাবলে হাজার হাজার মাইল দূর থেকে সব বুঝতে পারে, কখন কেমন আছি। সবাইকে ‘হ্যাপি’ রাখে, আমার অনেক আদরের একমাত্র ছোট বোন। কখনো মনে পড়ে না তাকে বলেছি কত ভালোবাসি। ওকে বছরের ৩৬৫ দিনের প্রতিদিনই বলতে ইচ্ছে করে ‘শুভ বোন দিবস।’ নাহিদ খান, মেলবোর্ন, অস্ট্রেলিয়া