বোমা হামলা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া গৌরব সংসদের উদ্যোগে পটিয়ায় বিমান হামলা দিবস পালন করা হয়েছে। ৭১ সালের ১৬ এপ্রিল বেলা প্রায় ১১টা এবং বেলা দেড়টায় পটিয়া থানার মোড়সহ আশপাশের এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। বোমা ও মেশিনগানের গুলিতে ডা. ছৈয়দ আহমদ (হাইদগাঁও), বিজয় দে (দক্ষিণ ভূর্ষি), ফয়েজুর রহমান (গোবিন্দারখীল), আমিনুল হক (আল্লাই), আবুল খায়ের (পটিয়া আদুর বাড়ি), আলী আকবর (কাজীপাড়া), দুদু মিয়া (সারোয়াতলী), আমীর আলী (ঈদুল মল্লপাড়া), উম্মুর আলী (হাবিবুরপাড়া), নাছিমা খাতুন ও ছৈয়দুল হক (পশ্চিম গোবিন্দারখীল), দানু মিয়া (কেলিশহর) এবং অজ্ঞাতনামা আট ব্যক্তিসহ ২০ জন নীরহ মানুষ শহীদ হন। কমবেশি আহত হন প্রায় শতাধিক নারী-পুরুষ। বিধ্বস্ত হয় পটিয়া থানার মোড় ও আশপাশের এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।দিনটির স্মরণে ১৬ এপ্রিল বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিকিৎসক দিলীপ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল আলিম, মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা তাজুর মুল্লুক, গৌরব সংসদের সভাপতি ইউনুচ চৌধুরী, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, সনাকের সভাপতি কবিশেখর নাথ, সাংবাদিক শিবু কান্তি দাশ, নুরুল ইসলাম ও হারুন অর রশিদ সিদ্দিকী। আবদুর রহমানের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন গৌরব সংসদের সাধারণ সম্পাদক এস এম এ কে জাহাঙ্গীর। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজম্মের কাছে স্মরণীয় করে রাখতে থানার মোড়ে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। এর আগে গোবিন্দারখীলে একই পরিবারের তিন শহীদের স্মৃতি স্থানে গৌরব সংসদ সদস্যরা ফল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে থানার মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দেন গৌরব সংসদ, সনাক, টিআইবি, আমরা তরুণ ও শহীদ পরিবার ছাত্রপরিষদের সদস্যরা।