বোমাবারুদ নয়, তাঁদের ছিল হৃদয়

শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা ও রাশীদুল হাসান, দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন তাঁদের ছাত্র। দুই শিক্ষককে স্মরণ করে তিনি বাংলা একাডেমির শহীদ বুদ্ধিজীবী স্মারকগ্রন্থে একটি নিবন্ধ লিখেছেন। ‘তাঁরা দুই জন: জ্যোতির্ময় গুহঠাকুরতা ও রাশীদুল হাসান’ শিরোনামে প্রকাশিত সেই নিবন্ধ সংক্ষিপ্ত রূপে ছাপা হলো এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম চৌধুরী
ছবি: খালেদ সরকার

মানতেই হবে যে জ্যোতির্ময় গুহঠাকুরতা ও রাশীদুল হাসানের মধ্যে বিস্তর ব্যবধান ছিল। বয়সে, অভ্যাসে, রুচিতে—যতটা না মিল ছিল, গরমিল ছিল তার চেয়ে বেশি। অন্তত বাহ্যত তো তা–ই মনে হতো। যদিও তাঁরা দুজনই ছাত্র ছিলেন ইংরেজি সাহিতে৵র, সহকর্মী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

কিন্তু তাঁরা কাছাকাছি, খুব কাছাকাছি ছিলেন বিনয়ে; আরও কাছে ছিলেন একে অপরের—দেশের প্রতি ভালোবাসায়। সামান্যতার সাধারণ পরিবেশে তাঁরা অসামান্য হয়ে উঠেছিলেন ওই দুই আপাতসাধারণ, কিন্তু বস্তুত দুর্লভ গুণে।

জ্যোতির্ময় গুহঠাকুরতা
প্রতিকৃতি: মাসুক হেলাল

জ্যোতির্ময় বাবুর নাম লেখা ছিল মিলিটারি ইন্টেলিজেন্সের সেই খাতায়, যেখানে নাম থাকার কথা পাকিস্তানি শাসকদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিদের। এটা তিনি প্রথম টের পেলেন যখন দরখাস্ত করলেন কলকাতায় যাওয়ার পাসপোর্টের জন্য। তাঁর বৃদ্ধ মাতা দিন দিন দৃষ্টিশক্তি হারাচ্ছিলেন; সেই মায়ের ইচ্ছা ছিল ছেলেকে দেখবেন। এ জন্য ভেতরে ভেতরে ভারি চঞ্চল ছিলেন জ্যোতির্ময় স্যার, যদিও বাইরে প্রকাশ করতেন না। খুব প্রকাশবিমুখ ছিলেন তিনি এসব বিষয়ে—সব সময়ই। অনেক চেষ্টা করেছেন তিনি নিজে, তাঁর হয়ে অন্যরাও চেষ্টা করেছেন কেউ কেউ; কিন্তু কারোরই সাধ্য ছিল না মিলিটারির খাতায় যাঁর নাম লেখা রয়েছে, ‘কমিউনিস্ট’ বলে তাঁকে পাসপোর্ট দেয়। তিনি ছিলেন জগন্নাথ হলের প্রভোস্ট। সেই হলের ছেলেরা রাষ্ট্রবিরোধী সামরিক প্রস্ততি নিচ্ছেন, এমন একটা বানানো সংবাদে মিলিটারি নাকি খুব তপ্ত হয়ে ছিল এবং শোনা গেছে প্রভোস্টকে তারা হয়তো গ্রেপ্তার করত ২৫ মার্চের আগেই, যদি না তুলনামূলকভাবে কিছুটা ভদ্রগোছের একজন লোক থাকতেন প্রাদেশিক গভর্নরের পদে। ২৫ মার্চের রাতেই তাঁকে গুলি করেছিল হানাদারেরা, সময়মতো চিকিৎসা হলে হয়তো তিনি বাঁচতেও পারতেন। কিন্তু মার্চে বাঁচলেও ডিসেম্বরে বাঁচতেন কি না খুবই সন্দেহ, যেমন বাঁচেননি সন্তোষ বাবু, বাঁচেননি জ্যোতির্ময় বাবুরই ছাত্র রাশীদুল হাসান।

রাশীদুল হাসান
প্রতিকৃতি: মাসুক হেলাল

রাশীদুল হাসানেরও নাম ছিল মিলিটারির গুপ্ত খাতায়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তাঁর খোঁজে সশস্ত্র লোকেরা হানা দিয়েছিল বিশ্ববিদ্যালয় এলাকায়, হানা দিয়ে ধরে নিয়ে গেল তাঁকে কলাভবনে তাঁর কামরা থেকে। তাঁর খোঁজে সশস্ত্র সেনারা আসবে, এমন গুরুত্বপূর্ণ নিজেকে তিনি ভাবেননি কখনো, ভাবেননি বলেই প্রস্তুত ছিলেন না। মিলিটারির লোকেরা এসে অনায়াসে তাঁর খোঁজ পেয়েছিল। পরে, ডিসেম্বরে আবার যখন আল-বদর এল, তখনো বিশ্ববিদ্যালয় এলাকায়ই ছিলেন তিনি। যাওয়ার তেমন জায়গাও ছিল না তাঁর এই শহরে। উদ্বাস্তু হয়ে এসেছিলেন তিনি কলকাতা থেকে।

জ্যোতির্ময় গুহঠাকুরতাকে আমি জানি তাঁর সরাসরি ছাত্র হওয়ার অনেক আগে থেকেই। সেই যখন আমি স্কুল ছেড়েছি কি ছাড়িনি, সেই বয়সেই তাঁর লেখা পড়েছিলাম আমি; একটি গ্রন্থ সমালোচনা; মুকতি নামে তখনকার দিনের একটি মাসিক পত্রিকায়। সেই লেখায় তাঁর বক্তব্য কী কী ছিল, তা আজ আর মনে নেই। কিন্ত এটা ঠিকই মনে আছে বক্তবে৵র মধ্যে যুক্তি ছিল স্পষ্ট, পারস্পর্য দৃঢ়। সেই যে কৈশোরে ছায়া ফেলেছিলেন তিনি মনের ওপর, সেই ছায়া কালে কালে লোপ পায়নি, বরং আরও গভীর হয়েছে; বিশেষ করে সেই আঠারো-উনিশ বছরে যখন সুযোগ হয়েছিল থাকার তাঁর আশপাশে। এই ছায়া স্তব্ধ নয় এবং সত্তাজুড়ে আছে অনুচ্চ সেই গান। অনুচ্চই। কেননা, যে জ্যোতির্ময় গুহঠাকুরতা নাটক পড়াতেন, নাটক পরিচালনা করতেন, তাঁর পছন্দ ছিল নাটকীয় দ্বন্দ্ব। ব্যক্তিগত জীবনে তিনি নাটুকেপনা তো নয়ই, নাটকীয়তাও পছন্দ করতেন না। এম এন রায়ের মৃত্যুবাষি৴কী উপলক্ষে খুব ছোট একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন জ্যোতির্ময় বাবু, অনেক আগে, আমরা যখন ছাত্র ছিলাম সেই সময়। আমাকে বলেছিলেন, ‘তুমি এসো, আর কেউ যদি আসতে চায় নিয়ে এসো।’ যখন গিয়ে পৌঁছেছি ফ্রেন্ডস সেন্টারের বাড়ির কাছে, আমি ও আমরা বন্ধু দেখে দোরগোড়ায় একা দাঁড়িয়ে আছেন তিনি। হেসে বললেন, ‘এসো, তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি।’ আমাদের জন্যই দাঁড়িয়ে ছিলেন তিনি। যেমন সেদিন, তেমনি পরেও, যেন আমরা আসি, এসে মতামত দিই একটা কিছু এবং তর্ক করি তাঁর সঙ্গে। সব ছাত্রের প্রতিই এ ছিল তাঁর আমন্ত্রণ উদার এবং উষ্ণ। সেই দরজা আছে। তিনি নেই। কিন্তু আছে কি সেই দরজাও? মাঝেমধ্যে সন্দেহ হয়।

রাশীদুল হাসানকেও আমি শিক্ষকতা ভিন্ন অন্য কোনো পেশায় চিন্তা করেত পারি না। আমি যে তাঁকে অনেক দিন ধরে চিনতাম, তা অবশ্য নয়। ছাত্রাবস্থায় আমরা আসার আগেই তিনি বের হয়ে গেছেন বিশ্ববিদ্যালয় থেকে এবং শিক্ষক হয়ে ফিরে এসেছেন বেশ কিছুদিন পর। মধ্যবর্তী সময়েও শিক্ষকতা করেছেন তিনি, কিছু সময় পাবনায়, তারপরে জন্মভূমি বীরভূমে। তিনি লিখতেন। প্রবন্ধ লিখতেন, কবিতা লিখতেন সময় সময়। তাঁর সঙ্গে আমার পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনেই, সেই উনসত্তর সালে, যখন প্রবল গণ-আন্দোলনের আদিগন্ত ঝড় বইছে সমগ্র দেশে। তার আগে পরিচয় হয়নি। কেননা, তিনি যখন যোগ দেন ইংরেজি বিভাগে, তখন আমি শিক্ষাছুটিতে বাইরে ছিলাম কিছুদিনের জন্য। পরিচয় হলো কখন, সেটা মনে আছে, কিন্তু ঠিক কখন অন্তরঙ্গতা ঘটল, তার দিন-তারিখ মনে নেই। স্পষ্ট দেখতে পাচ্ছি, তিনি তাঁর লেখা কবিতা পড়ে শোনাচ্ছেন আমাকে। তাঁর কবিতা শুনে মনে মনে আমি ড্রাইডেনের মন্তব্য স্মরণ করেছি সুইফট সম্বন্ধে; স্মরণ করে বলেছি, ‘রাশীদুল হাসান সাহেব, আপনি কোনো দিন কবি হবেন না। কবি হবেন না, এ কারণে নয় যে আপনার মধ্যে আবেগের অভাব; না হওয়ার কারণটা অন্য। সেটা এই যে আপনি কবিতা লিখছেন মনের কথা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নেমে গিয়ে বলতে পারছেন না বলে। আপনার ছিল প্রতিবাদ, কিন্তু সুযোগ ছিল না প্রকাশের। তাই কবিতাকে মাধ্যম করলেন। কিন্তু কবিতা তো জীবনের বিকল্প হতে পারে কেবল তাঁর জন৵ই, কবিতাকে যিনি জীবনের ঊর্ধ্বে স্থান দেন। আপনি দেননি। আপনি জীবনকে অনেক বেশি ভালোবাসতেন, যে জন্য কবিতার কোনো স্বায়ত্তশাসিত সত্তা ছিল না, আজ্ঞাবহ ছিল তারা আপনার মনের কথার। নিজের গরজ বলে কোনো বালাই ছিল না তাদের। ছিল তারা আপনার ইচ্ছাবন্দী। আপনাকে নিরাসক্ত বলবে কে? আপনি জীবনকে সুন্দর করতে চাইতেন। জানতেন, একার জীবন মহৎ হবে না অনে৵র জীবনকে স্পর্শ না করলে এবং অনে৵র সাহায্য না পেলে। তাই তো আরও অনেক দিন বেঁচে থাকতে পারতেন, যেমন অনেরা আছে, যেমন আমরা আছি।’

জ্যোতির্ময় গুহঠাকুরতা ও রাশীদুল হাসান কখনো, কোনো অবস্থাতেই গোপন কোনো সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলেন না। বোমাবারুদ তৈরি করেননি। কিন্তু তাঁদের ছিল হৃদয়। জীবন্ত হৃদয়। বোমাবারুদের চেয়েও যা বিপজ্জনক শাসকশে৶ণির পক্ষে। বাংলাদেশকে ভালোবাসতেন তাঁরা।

পাকিস্তানিরা চেয়েছিল প্রতিরোধের সব সম্ভাব্য ঘাঁটি দেবে নিশ্চিহ্ন করে। সে জন্যই জ্যোতির্ময় বাবু ও রাশীদুল হাসান চলে গেলেন আরও অনেকের সঙ্গে। এ যে কত বড় আঘাত, তা বোঝাই কী করে?(সংক্ষেপিত)