বোরকা নিয়ে সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের দুর্গম চর উত্তর নুনিয়াছটার বৃদ্ধা হাজেরা খাতুন (৮৫) ঠিকমতো আলো ফোটার আগেই চলে এসেছিলেন ভোটকেন্দ্রে। ফজরের নামাজের পর লাঠি হাতে হেঁটে আধা কিলোমিটার দূরের ভোটকেন্দ্রে গেছেন। খোলা মাঠে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর সকাল আটটায় ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন তিনি। হাজেরা খাতুন একা নন, নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছিলেন বৃহস্পতিবারের পৌর নির্বাচনে। পাশাপাশি বোরকা পরা নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।শহরের নুনিয়াছটা, ফদনারডেইল, সমিতিপাড়াসহ বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকে নারীরা ঘন কুয়াশা উপেক্ষা করে হাজির হন। এ এলাকায় বিপুলসংখ্যক নারী ভোটারের উপস্থিতি আগে দেখা যায়নি। পৌরসভার ৬৭ হাজার ৫৭৭ ভোটারের মধ্যে নারী ভোটার প্রায় ৩৪ হাজার। সূত্র জানায়, এর মধ্যে ৫০ শতাংশ নারী ভোটার কেন্দ্রে এসেছেন কালো বোরকা পরে। তাঁদের বেশির ভাগ গরিব ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। ভোটের আগের দিন বিভিন্ন প্রার্থী কেন্দ্রে যাওয়ার জন্য নারী ভোটারদের মধ্যে বোরকা সরবরাহ করেছেন বলেও জানা গেছে। ভোটকেন্দ্রে বোরকা পরা নারী ভোটারদের নিয়ে ঝামেলাও কম হয়নি। বিভিন্ন প্রার্থীর এজেন্টদের জেরার মুখে পড়তে হয়েছে তাঁদের। নাম-ঠিকানা বলার পর এজেন্টরা ভোটার তালিকার ছবির সঙ্গে চেহারার মিল আছে কি না, দেখতে চেয়েছেন। এতে বেশির ভাগ নারী মুখ দেখিয়ে ভোট দিলেও অনেকে তীব্র প্রতিবাদ করেছেন। শহরের কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ তিতুমীর, সিকদারপাড়া প্রাথমিক ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুখ দেখানো নিয়ে নারী ভোটারদের প্রতিবাদী ভূমিকায় দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, বোরকা পরা নারী ভোটারদের জন্য অতিরিক্ত পাঁচ থেকে ১০ মিনিট সময় ব্যয় হয়েছে। এতে কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বিলম্বিত হয়েছে। খাজা মঞ্জিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়োজিত এক নারী কাউন্সিলরের এজেন্ট রহিমা আক্তার বলেন, ‘বেশ কিছু নারী ভোটার জাল ভোট দিয়েছেন।’ জাল ভোট দিতে এসে কয়েকটি কেন্দ্রে বোরকা পরা কয়েকজন নারী ধরাও পড়েন। যদিও কয়েক ঘণ্টা বসিয়ে রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়।