বোরো চাষ নিয়ে উদ্বিগ্ন ফটিকছড়ির চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির বিভিন্ন স্থানে সেচের অভাবে এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। স্লুইসগেটগুলো অকেজো হয়ে বিলে পর্যাপ্ত পানি সরবরাহ না হওয়ায় এমন আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত পানি সরবরাহ করা হবে এবং বোরো নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৪৩০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের সাত হাজার ৪৩০ হেক্টর এবং হাইব্রিড ধানের চাষ হবে এক হাজার হেক্টর জমিতে। কৃষকেরা জানান, নারায়ণহাট, দাঁতমারা, ভুজপুর, হেঁয়াকো, সুয়াবিল, শাহনগর, লেলাং, গামরিতলা, দৌলতপুর, ইন্ডিল্লাবিল ও হারুয়ালছড়ি বিলের বেশির ভাগ অংশে এখনো সেচসুবিধা পাওয়া যায়নি। রোসাংগিরী গ্রামের কৃষক মো. আবদুল নবী বলেন, ‘স্লুইসগেটগুলো দীর্ঘদিন ধরে অকেজো থাকায় সেচব্যবস্থা খুবই নাজুক। তা ছাড়া কিছু কিছু উঁচু জায়গায় এখনো পানি সরবরাহ পাওয়া যায়নি, ফলে এসব জমিতে চাষ শুরু করা সম্ভব হয়নি।’হারুয়ালছড়ি গ্রামের কৃষক জালাল উদ্দিন বলেন, ‘১৮ শতক জমিতে ধান লাগিয়েছি। পানি পর্যাপ্ত থাকলে আরও ২০ শতক জমিতে বোরো ধান লাগাতে পারতাম। কিন্তু পানি না পাওয়ায় এসব জমিতে ধান লাগানো যাচ্ছে না।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘এমনিতেই আমন মৌসুমের চেয়ে বোরো চাষ দুই-তৃতীয়াংশ কম হয়। আমনের মৌসুমে ২৪ হাজার হেক্টরে চাষ হলেও বোরোতে প্রতিকূল অবস্থার কারণে চাষ হয় আট হাজার হেক্টরে। তবে ধান রোপণের আরও কিছুদিন সময় আছে। পানি সরবরাহও ক্রমান্বয়ে বাড়বে। আশা করছি, গত বছরের চেয়ে এবার বোরো চাষ আরও বাড়বে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউসুল আজম বলেন, ‘অকেজো স্লুইসগেটগুলো সংস্কার করে সেচের সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’