আনোয়ারায় এবার দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। কারণ, শিকলবাহা খালের পানিতে লবণাক্ততা। এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন চাষি ও সেচযন্ত্রের মালিকেরা ।
জানা যায়, কর্ণফুলী নদীর পানি লবণাক্ত হয়ে পড়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই শিকলবাহা খাল দিয়ে আনোয়ারার বিভিন্ন খালেও লবণাক্ত পানি ঢুকে পড়ে। ফলে চাষাবাদের জন্য পানি ব্যবহার করতে পারছেন না চাষিরা।
উপজেলার চাতরী এলাকার চাষি নুরুল আলম (৪২) বলেন, ‘গত তিন বছর ধরে লোনা পানির কারণে চাষের খুব ক্ষতি হচ্ছে। এ বছরও খালে লোনা পানি চলে এল। মনে হচ্ছে বোরো চাষ আর করতে পারব না।’
আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সেচযন্ত্রের মালিক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, খালের পানি লবণাক্ত হয়ে পড়েছে। এখন এই পানি দিয়ে তো জমিতে সেচ দেওয়া সম্ভব হবে না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে আনোয়ারায় বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৫৯০ হেক্টর। তবে লবণাক্ততার কারণে বিভিন্ন ইউনিয়নের দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এর মধ্যে বারখাইন ইউনিয়নে ৫৪০, চাতরীতে ৩৪৩, পরৈকোড়ায় ৩৭৫, হাইলধরে ৩২০, আনোয়ারা সদরে ৩০২, বরুমচড়ায় ৮০ ও বটতলীতে ৪০ হেক্টর জমি রয়েছে। এসব এলকায় ৪৫টি সেচযন্ত্র দিয়ে বোরোর সেচ দেওয়া হয়। একটি পাম্প দিয়ে অন্তত ১৫০ কানি জমিতে চাষাবাদ চলে। কিন্তু চাষ বন্ধ থাকায় সেচযন্ত্রের মালিকেরাও বিপাকে পড়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে বরুমচড়াভরা শঙ্খ খালে দুই লাখ ৮৫ হাজার, ইছামতী-কোদালা খালে ৯০ হাজার ও গোদারগোড়া খালে ৭০ হাজার টাকা ব্যয়ে ক্রসড্যাম নির্মিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত কর্ণফুলী নদী থেকে শিকলবাহা খাল দিয়ে এসব খালে মিঠা পানি প্রবেশ না করলে পুরো টাকাই জলে যাবে। কৃষি কর্মকর্তারা জানান, একদিকে কাপ্তাই হ্রদ থেকে পানি নামছে না, অন্যদিকে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি এলাকায় বেশ কটি রাবার ড্যাম হওয়ায় কর্ণফুলীতে মিঠা পানি কমে গেছে। আর এর প্রভাব পড়ল আনোয়ারার বোরো চাষে।
উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘কর্ণফুলী নদী থেকে শিকলবাহা খাল দিয়ে লোনা পানি প্রবেশ করায় আমরা একটু ভাবনায় পড়েছি। হয়তো এ কারণে এবার উপজেলার অন্তত দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ হবে না। ইতিমধ্যে খালের লবণাক্ততা পরিমাপ মেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’