কাপ্তাই হ্রদের পানি সময় অনুযায়ী না কমায় রাঙামাটি জেলার প্রায় ১০ থেকে ১৫ হাজার চাষি বোরো চাষ করতে পারছেন না। হ্রদ এলাকায় জলে ভাসা (বর্ষায় পানির নিচে থাকে) জমিগুলোর বেশির ভাগই এখনো পানির নিচে। এর ফলে এলাকার জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন। ১৯৮৬ সালে প্রকাশিত কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির একটি পুস্তিকার তথ্য অনুযায়ী হ্রদ তীরবর্তী এলাকার ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) থেকে ৮০ ফুট এমএসএলের মধ্যে ২৪ হাজার একর জমিতে চাষাবাদ হয়। এসব জমি স্থানীয়ভাবে জলে ভাসা জমি হিসেবে পরিচিত। রাঙামাটি জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের হিসাব মতে, রাঙামাটি জেলার খাদ্যের ৪০ ভাগ উৎপাদিত হয় কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে। রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাদির উদ্দিন হ্রদের পানি দ্রুত না কমায় চাষাবাদে ব্যাঘাত ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তাঁদের করার কিছু নেই বলেও জানান।জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে ৫৪ হাজার একর প্রথম শ্রেণীর আবাদি জমি ডুবে যায়। প্রায় এক লাখ লোক উদ্বাস্তু হন। তখন থেকে বিদ্যুৎ উৎপাদন ও চাষাবাদের সুবিধার কথা মাথায় রেখে হ্রদে সময়ভিত্তিক পানি ওঠানামার (রুলকার্ভ) পরিমাণ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী হ্রদ এলাকায় সর্বোচ্চ পানি থাকে নভেম্বর মাসে ১০৯ ফুট এমএসএল এবং সর্বনিম্ন জুুন মাসে ৭৬ ফুট এমএসএল। পানি কমে যাওয়ার পর জেগে ওঠা জমিতে চলে বোরোর চাষাবাদ। এ বছর যথাসময়ে পানি না কমায় বোরো উৎপাদন ব্যাহত হচ্ছে বলে হ্রদ এলাকার চাষি, জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা অভিযোগ করেছেন। বাঘাইছড়ি উপজেলার কাপ্তাই হ্রদ তীরবর্তী খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা বলেন, এ বছর যেভাবে ধীরে পানি নামছে তাতে ধান রোপণ করা কঠিন হবে। ৭০ ভাগ চাষি ধানের চারা রোপণ করতে পারছেন না। কিছু কিছু এলাকায় ধানের চারা রোপণের কাজ চললেও ধান পাকার আগেই পানি আসার আশঙ্কা রয়েছে। লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের পেটান্যামাছড়া মৌজার হেডম্যান নিউটন চাকমা জানান, আগের বছরগুলোতে এ সময়ে যেসব জমির ধান অনেকটাই পরিপক্ব হতো, সে সব জমি এখনো পানির নিচে। বর্তমানে পানি কিছুটা দ্রুত কমলেও চাষাবাদ করা সম্ভব হবে না বলে উল্লেখ করেন।জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের নতুনপাড়ার প্রধান (কার্বারি) শৈলেশ্বর চাকমা বলেন, ‘এখানকার ৯৫ ভাগ মানুষ চাষি। এসব চাষি বিলের ধানি জমির ওপর নির্ভরশীল। কিন্তু জমি এখনো তিন থেকে চার ফুট পানির নিচে। এ অবস্থায় সামনে খাদ্যসংকট দেখা দিতে পারে।’ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী এ প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে হ্রদের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুটের সামান্য বেশি উচ্চতায় রয়েছে। গরম শুরু হলে তা দ্রুত নেমে যাবে।’