বোরো নিয়ে শঙ্কায় চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। বেশির ভাগ খাল-ছড়া শুকিয়ে গেছে। ছড়ায় যেটুকু পানির ধারা আছে, তাতে বালুর ছোট ছোট বাঁধ দিয়েও সেচ দিতে পারছি না। পানি না পেয়ে ধানের চারা লালচে হয়ে গেছে।’ হতাশ কণ্ঠে কথাগুলো বলেন, পানছড়ি উপজেলার কানুনগোপাড়ার চাষি সত্যবান ত্রিপুরা। একই এলাকার সন্তু ত্রিপুরা ও জ্যোতি মুকুল চাকমাও এবারের বোরো ফলন নিয়ে শঙ্কার কথা জানান।সন্তু ত্রিপুরা বলেন, ‘৪০ শতক জমিতে বোরো চাষ করেছি। এখন ধানের থোর হওয়ার কথা। কিন্তু ঠিকমতো সেচ দিতে না পারায় থোর আসেনি। ফলন আদৌ হবে কি না সন্দেহ। আমি হাল ছেড়ে দিয়েছি।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এক হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৪ দশমিক ৭ মেট্রিকটন ফলন ধরা হয়েছে। কৃষকেরা জানান, বিদ্যুৎ না থাকায় ডিজেলের মাধ্যমে পাম্প চালাতে হয়। প্রতি কানিতে খরচ বেড়ে গেছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা। কিন্তু এবার সেচ দেওয়ার জন্য পানি পর্যন্ত নেই। মোট খরচের অর্ধেক টাকাও তোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। স্থানীয় লোকজন জানান, বনদস্যুরা অব্যাহতভাবে গাছ ও বাঁশ কেটে ফেলায় অনেক পাহাড় ন্যাড়া হয়ে গেছে। এর ফলে বৃষ্টির পানির সঙ্গে পাহাড়ের মাটি আর বালু এসে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। প্রমত্ত চেঙ্গী, পূজ গং ও তারাবন নদীর এখন মরণদশা। শুষ্ক মৌসুমে পানিসংকট দিন দিন বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কিজির হোসেন বলেন, ‘পাহাড় বৃক্ষশূন্য হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেও পানির সঙ্গে মাটি নেমে এসে নদীর তলদেশ ভরাট হচ্ছে। এর ফলে ছড়াগুলোতে পানিপ্রবাহ কমে গেছে। চাহিদামতো সেচের পানি না পেয়ে অনেক বোরো চাষি ক্ষতির সম্মুখীন হচ্ছেন।’ তিনি আরও বলেন, এবার পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফলনের লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে। উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘শুষ্ক মৌসুমে বোরো চাষের সুবিধার্থে পানছড়ি শান্তিপুর এলাকায় চেঙ্গী নদীতে নয় কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে একটি রাবার ড্যাম স্থাপন করা হচ্ছে। এটির কাজ শেষ হলে প্রায় তিন হাজার কৃষক বোরো চাষের সুবিধা পাবেন।’