বোরো বাঁচাতে স্বেচ্ছাশ্রমে নদীতে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন বৃষ্টি নেই। শুকিয়ে গেছে খাল। ফলে অলস বসে আছে সেচযন্ত্র। এদিকে সেচ না পেয়ে হুমকির মুখে পড়েছে ৬০০ একর বোরোর খেত। অবশেষে নিজেরাই উদ্যোগী হয়ে এগিয়ে এলেন কৃষকেরা। সাহায্যের হাত বাড়ালেন নৌযানের মাঝিরা। স্বেচ্ছাশ্রমে বাঘাইছড়ির শিজক নদীতে নির্মিত হলো বাঁধ।কৃষকেরা জানান, পলি জমে ভরাট হয়ে গেছে উগলছড়ি খাল। প্রতি শুষ্ক মৌসুমে দেখা দেয় পানিসংকট। ফলে শিজক নদীতে বাঁধ দিয়ে উগলছড়ি খালে পানি ঢোকানো হয়েছে।কৃষক জ্ঞানলাল চাকমা প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক মাস আগে উগলছড়ি খালের পানি শুকিয়ে গেছে। এরপর থেকে জমিতে সেচ দিতে পারছি না। বোরোর খেত সেচের অভাবে মরে যাচ্ছে। পরবর্তী সময়ে বৈঠক করে শিজক নদীতে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত হয়।’ইউনিয়ন পরিষদ সদস্য সুনীল বিহারি চাকমা বলেন, ‘উপজেলা পরিষদ থেকে কিছু অনুদান নিয়ে শিজক নদীতে বাঁধ দেওয়া হয়েছে। এই অনুদানের টাকা দিয়ে প্রয়োজনীয় বাঁশ, গাছ ও পলিথিন কেনা হয়েছে। বাকি কাজ শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে করেছেন। বাঁধ দেওয়ার আগে এলাকার নৌযানচালক ও মাঝি-মাল্লাদের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা বোরোর খেত বাঁচানোর জন্য আপাতত নৌযান চালাবেন না বলে জানান।’কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উগলছড়ি খালের পাড়ে ৬০০ একর ফসলি জমি রয়েছে। উপজেলার চার ইউনিয়নের মানুষ এই জমির ওপর নির্ভরশীল। এই জমিগুলোতে সেচসুবিধার জন্য ৬০টি সেচযন্ত্রও স্থাপন করা হয়েছে। কিন্তু উগলছড়ি খালে পানি না থাকায় সেচযন্ত্রগুলো অলস পড়ে আছে।কৃষক প্রভা শংকর চাকমা বলেন, ‘চার বছর আগেও সেচের কোনো সমস্যা ছিল না। সারা বছর সেচসুবিধা পাওয়া যেত। কিন্তু দিন দিন উগলছড়ি খাল ভরাট হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে ৬০০ একর জমি মরুভূমিতে পরিণত হবে। এজন্য উগলছড়ি খাল খনন জরুরি।’উপসহকারী কৃষি কর্মকর্তা শাক্য চাকমা প্রথম আলোকে বলেন, ‘গত বছরের মতো এ বছরও সেচের সংকট দেখা দিয়েছে। আগে যেভাবে সেচের সুবিধা পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না। এক মাস ধরে জমিতে সেচ দিতে না পারায় অনেক বোরো খেত শুকিয়ে গেছে।’ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, ‘শিজক নদীতে বাঁধের ফলে কৃষকেরা কিছুটা সেচের সুবিধা পাবেন। তবে এটি স্থায়ী সমাধান নয়। কৃষকদের সেচ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।