বোরো মৌসুমে অনাবাদি ১৪ হাজার হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ–সুবিধা না থাকায় বোরো মৌসুমে ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে অন্তত ১৪ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। এসব এলাকায় সেচ–সুবিধা নিশ্চিত করা গেলে বোরো মৌসুমে অন্তত ৫০ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন সম্ভব হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে চাষাবাদযোগ্য জমির পরিমাণ ২৫ হাজার ৪২৫ হেক্টর। এর মধ্যে আমনে ২২ হাজার ১৫০ হেক্টর বাদে বাকি জমি অনাবাদি থাকে। চলতি মৌসুমে বোরোতে চাষাবাদের আওতায় আনা হয় ৮ হাজার ১০০ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন চাল। কিন্তু অন্তত ১৪ হাজার হেক্টর জমি থেকে যায় সেচ–সুবিধার বাইরে।
কৃষকেরা বলেন, উপজেলার আবদুল্লাহপুর, জাফতনগর, ধর্মপুর, বক্তপুর, নানুপুর, রোসাংগিরী, লেলাং, দৌলতপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি, ধুরুং, রাঙ্গামাটিয়া, ভূজপুর, সুন্দরপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো, বাগানবাজার ইউনিয়নে বেশির ভাগ জমিতে সেচ–সুবিধা নেই। আমনে চাষ হলেও বোরোতে প্রতিবছর এসব জমি অনাবাদি পড়ে থাকে।
সম্প্রতি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুম্ভারপাড়া, দক্ষিণ দৌলতপুর, ফকিরহাট, রোসাংগিরী ইউনিয়নের শীলেরহাট, পূর্ব-আজিমনগর ও আজিমনগর গ্রামে গিয়ে দেখা যায়, এসব অঞ্চলের বিস্তীর্ণ জমি সেচ–সুবিধার অভাবে অনাবাদি। খাঁ খাঁ করছে চারপাশ।
রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম শোয়েব আল ছালেহীন বলেন, তাঁর ইউনিয়নে বোরো মৌসুমে এক হাজারের বেশি একর জমি অনাবাদি পড়ে থাকে। সেচের অভাবে এসব অঞ্চলে চাষাবাদ করা যায় না।
সুন্দরপুর গ্রামের কৃষক রহিম উদ্দিন চৌধুরী বলেন, সেচ–সুবিধা না থাকায় তার দুই একর জমি পতিত পড়ে আছে। একই এলাকার জাফর উদ্দিন বলেন, তঁার অনাবাদি জমি পরিমাণ আড়াই একর।
ফটিকছড়ি পৌরসভা এলাকার কৃষকেরাও সেচ–সুবিধা না থাকায় কেবল আমন ধান আবাদ করেন। এই অঞ্চলের কৃষকেরা সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৮ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যা আমনের এক-তৃতীয়াংশ। তিনি বলেন, যদি অনাবাদি জমিগুলো সেচের আওতায় এনে বোরো চাষাবাদ করা যায়, তাহলে অন্তত ৫০ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন করা সম্ভব হবে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী খোরশেদুল আলম বলেন, উপজেলার হালদা, ফটিকছড়ি, তেলপারই এবং ধুরুং খালে রাবার ড্যাম নির্মাণ এবং বিভিন্ন উৎস থেকে পানি সরবরাহের জন্য নালা তৈরি করা হলে বিপুল পরিমাণ জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা সহজেই বোরোর আবাদ করতে পারবেন।