বোরোর উৎপাদন খরচও উঠে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বোরোর বাম্পার ফলন হলেও কক্সবাজারের রামু উপজেলায় কৃষকের মুখে হাসি নেই। বাজারমূল্য কম হওয়ায় ধান বেচে কৃষকের উৎপাদন খরচও উঠে আসছে না। কৃষকেরা বলছেন, বেশির ভাগ কৃষক বর্গা জমিতে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে চাষাবাদ করে। তার ওপর এ বছর পর পর তিনবার বন্যার কবলে খেত নষ্ট হওয়ায় চড়াদামে চারা কিনতে হয়েছে। জ্বালানির দাম বাড়ায়, সেচের খরচ বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ বহুগুণে বেড়ে যায়। বর্তমানে ধান বেচে খরচও পাওয়া যাচ্ছে না। উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বোরো মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা ছয় হাজার ৫৫০ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ হয়েছে ছয় হাজার ৭০০ হেক্টর জমিতে। কৃষকেরা এ বছর ব্রি ধান ২৮, ২৯, ৩৩, ৪৭, ৫০, বিনা ধান-৮ দেশীয় এবং দেশীয় জাতের পায়জাম ও লাল ধান বেশি চাষ করেছেন । উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও লিপি বড়ুয়া জানান, তাঁদের ধারণা ধান পাকার পর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫০ থেকে ৩০০ মেট্রিক টন অধিক ফসল উৎপাদন হয়েছে। তবে বাজারে ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা বেশি হতাশ।সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, চাকমারকুল, খুনিয়াপালং, গর্জনীয়া, কচ্ছপিয়াসহ ১১ ইউনিয়নে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। নতুন ধান কাটা শুরু হওয়ায় কৃষকের বউ-ঝিদেরও ব্যস্ত সময় কাটছে। মাঠ থেকে ধান বাড়ি আনার পর ধান ছাড়ানো, শুকিয়ে ঘরে তোলার কাজ এরাই করে থাকে। বউ-ঝিয়েরা মহা-আনন্দে এ কাজ করলেও ধানের দাম না পাওয়ায় এ বছর তাদের মনেও খুশি নেই। সবার মধ্যে লোকসানের হতাশা। উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামের বর্গাচাষি দুই ভাই আইয়ুব আলী ও মোহাম্মদ আলম জানান, প্রতিকানিতে ৩০ আড়ি (৩০০ কেজি) ধানের বিনিময়ে দুই কানি জমি বর্গা নেন তাঁরা। এতে তাঁদের উৎপাদন খরচ গেছে ২৬ হাজার টাকা। দুই কানি জমিতে ধান উঠেছে ১৮০ আড়ি। বর্তমানে বাজারে প্রতিআড়ি ধান বেচা হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। তাই উৎপাদন খরচ মেটাতে আবারও ধার-কর্জ করতে হবে। পূর্ব মেরংলোয়া গ্রামের কৃষক মংক্য বড়ুয়া জানান, এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধান কাটার সময় বৃষ্টি ও আকাশে মেঘের কারণে বিভিন্ন স্থানে ধান মাজরা পোকা ও সাদা শীষ রোগে আক্রান্ত হয়। এতে উৎপাদন একটু কমেছে। তবুও জমা রেখে সুবিধামতো সময়ে বেচলে বেশি দাম পাওয়ার সম্ভাবনা থাকলেও, বেশির ভাগ কৃষক দাদন নিয়ে চাষাবাদ করায় পাওনা পরিশোধ করতে তারা কম দামেই ধান বেচতে বাধ্য হচ্ছে। কৃষকেরা জানান, শুরুতে এবারের বোরো খেত পর পর তিনবার বন্যার কবলে পড়ে। বন্যায় চারা নষ্ট হয়ে যাওয়ায় তিনবারই চড়া দামে চারা কিনে রোপণ করতে হয়েছে। এভাবে প্রায় এক-দেড় মাস পিছিয়ে পড়ে চাষাবাদ। এখন আবার ধান কাটার সময় শ্রমিক সংকটের কারণে প্রতিজনের মজুরি দিতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, রামুতে বাম্পার ফলন হয়েছে। তবে ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা হতাশ।