বোরোর মাঠ ফেটে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বিদ্যুৎসংকট ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত পানি দিতে না পারায় অনেক গ্রামে বোরোর মাঠে ফাটল দেখা দিয়েছে। এতে বোরোর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।আনোয়ারা পল্লিবিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে আনোয়ারার পিক আওয়ারে ৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ২ দশমিক ৫৫ মেগাওয়াট। আর অফপিকে ৪ দশমিক ৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে দুই মেগাওয়াট। এতে সেচযন্ত্রগুলো বেশির ভাগ সময় বন্ধ থাকায় জমিতে প্রয়োজনীয় পানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বরুমচড়ার চাষি ছাবের আহমদ জানান, ‘পানির অভাবে মাঠের ফসল মাঠেই শুকিয়ে মরার অবস্থা হয়েছে। এখন চোখেমুখে কিছুই দেখছি না।’এদিকে ২৩ মার্চ আনোয়ারা পল্লিবিদ্যুৎ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার প্রধান প্রকৌশলী ও চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়েছেন। এতে বলা হয়, উপজেলার ৩৩ কেভি ফিডারে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে স্থাপনের কারণে উপজেলার অনেক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আনোয়ারার ৩৩ কেভি ফিডারটিতে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সংযোগ থাকায় ভয়াবহ লোডশেডিং ছাড়াও ২৪ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে দৈনিক দুই থেকে আড়াই মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়নি। সেই সঙ্গে আন্ডার ফ্রিকোয়েন্সিজনিত ট্রিপিংয়ের কারণে ২৪ ঘণ্টার মধ্যে কোনো গ্রাহককে একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এ ছাড়া রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও সে অনুযায়ী সেচপ্রকল্প গ্রাহকদেরও বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। এদিকে ঠিকমতো বিদ্যুৎ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন সেচযন্ত্রের মালিকেরাও। চাষিদের প্রয়োজনীয় সময়ে পানি সরবরাহ দিতে না পারলে তাঁরা চাষিদের কাছ থেকে টাকা না পাওয়ার আশঙ্কা করছেন। বরুমচড়া গ্রামের সেচ প্রকল্পের মালিক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের অভাবে জমিতে পানি দিতে পারছি না। পানির অভাবে চাষের ক্ষতি হলে চাষিরা আমাকে টাকা দেবেন না। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না।’আনোয়ারায় বর্তমানে পল্লিবিদ্যুতের গ্রাহকসংখ্যা ২৮ হাজার ৬৮৪। এর মধ্যে আবাসিক ২৪ হাজার ৪৮, বাণিজ্যিক তিন হাজার ৭৭, সেচ প্রকল্প ৪২২, শিল্পপ্রতিষ্ঠান ৪৯৯ এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৬৮টি।আনোয়ারা পল্লিবিদ্যুৎ বিভাগের উপমহাব্যবস্থাপক দিলীপচন্দ্র সরকার জানান, ‘বিদ্যুতের অভাবে আনোয়ারার চাষাবাদে মারাত্মক প্রভাব পড়েছে। চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ দিতে পারছি না। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েছি।’