বোয়ালখালী সদরে মিলছে পছন্দের পোশাক
গৃহবধূ সোনিয়া আকতার ঈদের কেনাকাটা করতে এসেছেন বোয়ালখালী সদরের জব্বার মার্কেটে। তাঁর কাছে প্রশ্ন ছিল, ‘এত কাছে চট্টগ্রাম শহর আর সেখানে নিত্যনতুন শপিংমলে নজরকাড়া সব পণ্যের হাতছানি—এখান থেকে কেনাকাটা করছেন কেন?’ তাঁর সহজ উত্তর, ‘শহরের যানজট আর কালুরঘাট সেতুর দুর্ভোগের কথা মনে পড়লে ঈদের কেনাকাটার আনন্দই যেন ভুলে যেতে হয়। তার চেয়ে গ্রাম থেকেই কেনাকাটা সারা ভালো।’ একই রকম প্রতিক্রিয়া জানালেন তাঁর পাশে থাকা কধুরখীল ডেপুটিপাড়ার কলেজছাত্রী নাসরিন আকতার। উপজেলা সদরের বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি বিপণিকেন্দ্রে দুপুর থেকে ক্রেতাদের ভিড়। বিশেষ করে নারী ও শিশুরা দোকানে দোকানে ঘুরে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেকের হাতে দেখা যায়, কাপড়ের পাশাপাশি ঘর সাজানোর জিনিসও। দোকানিরা জানান, শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া, শাড়ি ও সালোয়ার-কামিজের বিক্রিও ভালো। বেচাকেনা কেমন হচ্ছে এ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য পাওয়া যায় ব্যবসায়ীদের কাছ থেকে। উপজেলা সদর জব্বার মার্কেটের ব্যবসায়ী উজ্জ্বল মল্লিক বলেন, ‘প্রতি বছর এমন সময় বেচাকেনা ভালো হয়। এ বছর সেভাবে বাজার জমেনি। চাকরিজীবীরা মাস শেষ না হওয়ায় বেতন-ভাতা পাননি। আজকালের মধ্যে কেনাকাটা পুরোদমে শুরু হবে বলে আশা করছি।’ তবে দর্জির দোকানগুলোতে ঈদ আয়োজন অর্থাৎ পোশাক সেলাইয়ের উৎসব চলছে। একই বিপণিকেন্দ্রের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বলেন, ‘রাত-দিন বিরামহীনভাবে চলছে কাপড় সেলাই ও জামা বানানোর কাজ। বিভিন্ন বয়সী নারী ও শিশুর পোশাক বেশি তৈরি হয় এখানে। ২০ রমজানের পর কাজ নেওয়া বন্ধ হয়ে যাবে।’ খাজা সুপার মার্কেটের ব্যবসায়ী বখতেয়ার চৌধুরী জানান, মফস্বলে ভালো কেনাকাটা হয় ২০ রোজার পর। বিকেল ও রাতে দুদফায় ভালো বেচাকেনা হয়। ওই সময় মহিলারা ঘরের কাজ সেরে কেনাকাটা করতে আসেন। গোমদণ্ডী এলাকা থেকে আসা সরকারি চাকরিজীবী নিগার সীমা জানান, পুত্রবধূ ও মেয়ের জন্য কেনাকাটা করতে এসেছেন। তবে তাঁর পছন্দমতো পোশাক পাননি বলে জানান।ঈদ উপলক্ষে প্রতি বছর উপজেলা সদরের রাস্তার ধারে (ফুটপাত) বসে অস্থায়ী দোকান। নিম্নআয়ের লোকজনের চাহিদা মেটাতে কাপড়ের পসরা সাজিয়ে এবারও বসেছেন বিক্রেতারা। তবে সেখানে বেচাকেনা তেমন জমেনি। ঈদের কয়েকদিন আগে থেকে নিম্নআয়ের লোকজন সাধ্যমতো কেনাকাটা সারেন বলে জানান ফুটপাতের দোকানি রমিজ উদ্দিন। রিকশাচালক জমির বলেন, ‘রিকশা চালিয়ে খাবার জোগাড় করতে রীতিমতো কষ্ট হয়। তবুও দুই মেয়ে ও দুই ছেলের জন্য ঈদে নতুন জামা-কাপড় কিনতে হবে। একটি এনজিও থেকে ঋণ নিয়েছি। ওই টাকা থেকে কিছু দিয়ে ঈদের কেনাকাটা করব।’ উপজেলা সদর ছাড়াও শাকপুরা, চৌমুহনী, কানুনগোপাড়া, কালুরঘাট এলাকার বিভিন্ন বিপণিকেন্দ্রেও বেচাকেনা জমছে। নগরের যান-জনজট, ভোগান্তি ও নানা ঝক্কি এড়াতে স্থানীয় বিপণিকেন্দ্রগুলো থেকেই কেনাকাটা সারছেন বলে জানান ক্রেতারা। ঈদের পরই শুরু হবে হিন্দুদের দুর্গোত্সব। মুসলমানদের সঙ্গে আনন্দোত্সব ভাগাভাগি করে পূজার জন্য নতুন জামা কিনতে গোমদণ্ডী থেকে এসেছেন টুম্পা বৈদ্য। তিনি বলেন, ‘ঈদে ভালো ও উন্নতমানের পোশাক বাজারে আসে। ঈদের পর তা না-ও পাওয়া যেতে পারে। তাই আগেভাগে পূজার কেনাকাটাও সেরে ফেলতে চাই।’বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া জানান, ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে ও দিনে একাধিক টহলদল কাজ করছেন। এ ছাড়াও বিভিন্ন বিপণিকেন্দ্রে নিজস্ব নিরাপত্তা বাহিনী ক্রেতাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।