বোয়ালখালীতে জিপিএ-৫ পেলেন দুজন
বোয়ালখালীতে এবার এইচএসসি পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় হতাশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। উপজেলার চারটি কলেজ থেকে ৬১৮ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন ৩৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন। পাসের হার ৫৮ দশমিক ৬৭। তবে মাদ্রাসাগুলোতে আলিম পরীক্ষার ফলাফল সন্তোষজনক। পাসের হার ৯২ দশমিক ৫।প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রাচীন ও ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে ৩৭৯ জনের মধ্যে পাস করেছেন ২৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ১১৩ জনের মধ্যে পাস করেছেন ৫০ জন। তবে এ কলেজ থেকে কারিগরি শিক্ষায় ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছেন। পাসের হার ৮৩ দশমিক ৩৩। বোয়ালখালী হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজ থেকে ৯৮ জনের মধ্যে ৫২ জন ও কধুরখীল জলিল আম্বিয়া কলেজ থেকে ২৮ জনের মধ্যে ১১ জন পাস করেছেন। অভিভাবক কাজি তমিজ উদ্দিন বলেন, গ্রামাঞ্চলের অভিভাবকেরা সচেতন নন বলে ছেলেরা মন দিয়ে পড়াশোনা করে না। শিক্ষকদের মন-মানসিকতারও পরিবর্তন দরকার। শিক্ষার্থীদের কাছ থেকে সেরাটা আদায় করতে হবে তাঁদের। বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ বলেন, ‘ফলাফল ভালো করার জন্য আমরা চেষ্টা করেছি। গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। আগামী দিনে আরও ভালো করার পরিকল্পনা নিয়েছি আমরা, আশা করি ভালো করব।’এদিকে, আলিম পরীক্ষায় ছয়টি মাদ্রাসার ফলাফল ভালো হয়েছে। কধুরখীল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শতভাগ পাস করেছে। ১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসার ২১ জনের মধ্যে ১৯ জন, চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১৫ জনের মধ্যে ১৩ জন, বেঙ্গুরা আলিম মাদ্রাসায় নয়জনের মধ্যে আটজন, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় ১৩ জনের মধ্যে ১২ জন, হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসায় তিনজনের সবাই পাস করেছেন।কধুরখীল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেদ আনোয়ারী বলেন, ‘পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় করে পরিকল্পনা নেওয়া হয়। বিশেষ ব্যবস্থায় ক্লাস নেওয়াসহ নানা উদ্যোগও ছিল।’ কধুরখীল জলিল-আম্বিয়া কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী বলেন, ‘ভালো শিক্ষার্থীরা শহরমুখী হওয়ায় গ্রামাঞ্চলের কলেজগুলোর ফলাফল খারাপ হচ্ছে। এ ছাড়া মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনায় মন থাকে না। ঝরেপড়া শিক্ষার্থীরা ঠিকমতো প্রস্তুতি নেয় না।’