বোয়ালখালীতে বিএনপির দুই কমিটির দ্বন্দ্ব
বোয়ালখালী উপজেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে এখনো দলীয় কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি বিএনপি। সহযোগী সংগঠনেরও একই হাল। এতে হতাশ ও ক্ষুব্ধ দলের তৃণমূল কর্মী-সমর্থকেরা। দলীয় সূত্রে জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ঘিরে বোয়ালখালীতে বিভক্তি দীর্ঘদিনের। দুই পক্ষের রয়েছে আলাদা কমিটি। এঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে, মোরশেদ খান সমর্থিত লোকজন ২০০৯ সালের ২২ নভেম্বর উপজেলা কমিটি গঠন করেন। এতে সভাপতি হন নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান। আর সাকা সমর্থিত লোকজন গত বছরের ৫ জুন সম্মেলন করে পাল্টা কমিটি করেন। এ কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক শওকত আলম।মোরশেদ খানের পক্ষের বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান দলীয় কোন্দলে মাঠে নামতে পারছেন না স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে মারামারি ও সংঘাত-সংঘর্ষে দলের ক্ষতি ছাড়া তো কিছুই হবে না। সবাইকে মূলস্রোতের সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে হবে। দুই পক্ষের মধ্যে সমঝোতার আশায় ধৈর্য ধারণ করছেন বলে জানান তিনি। সাকা চৌধুরীর পক্ষের সভাপতি আজিজুল হক বলেন, ‘পুলিশ প্রশাসন তো বিএনপিকে দাঁড়াতেই দিচ্ছে না। এত দিন আমরা পর্যবেক্ষণে ছিলাম।’ ঘরোয়া সভা করে আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দলের আগামী কর্মসূচিতে আমরা অবশ্যই মাঠে থাকব।’ সাকা চৌধুরীর গ্রেপ্তার ও যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে তিনি মুখ খুলতে রাজি হননি। তবে সাকা চৌধুরীর গ্রেপ্তারের পর কোনো সভা-মিছিল হয়নি বোয়ালখালীতে।জানা গেছে, মোরশেদ খান সমর্থিত অংশের সভাপতি নজরুল ইসলাম ওরফে বাচা চেয়ারম্যান গত ৮ নভেম্বর ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন। থানা সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে বোয়ালখালী থানায় ডজনখানেক মামলা আছে। এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এক মাস পেরিয়ে গেলেও তাঁর সন্ধানের দাবিতে এক পক্ষ মানববন্ধন ছাড়া কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে সাকা চৌধুরীর পক্ষের পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক চৌধুরী বলেন, ‘নজরুল ইসলাম চেয়ারম্যানের মুক্তি ও সন্ধানের দাবিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তাব দিয়েছিলাম। ওই গ্রুপ থেকে সাড়া না পাওয়ায় তা হয়ে ওঠেনি।’ তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার প্রস্তুতি চলছে। ঘরোয়া সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে।