বোয়ালখালীতে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটার জন্য একসময় চট্টগ্রামে ছুটতে হতো বোয়ালখালীর বাসিন্দাদের। এখন সেই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। উপজেলা সদরে বেশ কয়েকটি বিপণিবিতান এখন ক্রেতাদের চাহিদা মেটাচ্ছে। জমে উঠেছে ঈদবাজার। ঈদ উপলক্ষে বিক্রয়কেন্দ্র ও বিপণিবিতানগুলোর আলোকসজ্জা, ক্রেতাদের ব্যস্ততা বদলে দিয়েছে এলাকার চিরচেনা চেহারা। সকাল থেকে শুরু হয়ে বেচাকেনা চলছে মধ্যরাত পর্যন্ত।ক্রেতাদের আকর্ষণের জন্য নজরকাড়া সাজে সাজানো হয়েছে নতুন-পুরোনো সব কটি বিপণিবিতানকে। ক্রেতারাও আগ্রহ নিয়ে আসছেন মানসম্মত পণ্যের খোঁজে। জব্বার মার্কেট, খাজা সুপার মার্কেট, আল মদিনা মার্কেটে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা।গত বুধবার রাতে খাজা সুপার মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ সোনিয়া রমজান ও সুমি আকতার। রাতে কেনাকাটা করতে আসা প্রসঙ্গে তাঁরা বলেন, ‘দিনের বেলায় কাজের ঝামেলা থাকে, কেনাকাটার সময় পাওয়া যায় না। এ ছাড়া মার্কেটেও বেশি ভিড় থাকে। রাতে নির্ঝঞ্ঝাটে কেনাকাটা করা যায়।’ কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, এবার সবকিছুর দাম বেশি। দোকানিরা অস্বাভাবিক দাম হাঁকাচ্ছেন। নাজমা আকতার বলেন, ‘আড়াই থেকে তিন হাজার টাকার শাড়ি বিক্রি হচ্ছে চার হাজার টাকার ওপরে।’ অনেকে বহু ঘুরেও পাননি মনমতো পোশাক। ফেরদৌস বেগম বলেন, ‘পছন্দের থ্রিপিস পাইনি। তার ওপর দোকানিরা দামও চাইছেন বেশি।’ তবু যানজট ও সড়কের বেহাল অবস্থার কথা ভেবে বোয়ালখালীতেই কেনাকাটা সারছেন বেশির ভাগ ক্রেতা। নিগার সীমা বলেন, ‘যানজট ও ভিড়ের কারণে শহরে গিয়ে কেনাকাটা করতে ইচ্ছে করছে না। এবারের ঈদের কেনাকাটা এখান থেকেই করেছি।’পোশাকের অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা জানান, কাপড় তৈরির উপকরণের দাম বাড়ায় এবার পোশাকের দাম একটু বাড়তি। তবে তাঁরা দাবি করেন, ভোগ্যপণ্যের তুলনায় পোশাকের দাম তেমন বাড়েনি। বিভিন্ন বিপণিবিতানে এবার জর্জেট, টিস্যু, সিমার ও নেটের শাড়ি এসেছে। বিক্রি হচ্ছে এমব্রয়ডারি, পাথরের কারুকাজ করা সালোয়ার-কামিজ ও শিশুদের পোশাক। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ভাসমান দোকান। এসব দোকানেও বেচাকেনা জমে উঠেছে। মূলত স্বল্প আয়ের লোকজন ভিড় করছেন এসব দোকানে। ফুটপাতের দোকানে কেনাকাটা করতে আসা রিকশাচালক শাহ আলম বলেন, ‘জিনিসপত্রের যে দাম, তাতে রিকশা চালিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছেলেমেয়েদের জন্য ঈদের কাপড়চোপড় কীভাবে কিনব, জানি না।’