বোয়ালখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ
স্বাধীনতার ৩৯ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বোয়ালখালী উপজেলা সদরে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার চত্বরে নির্মিত এ স্মৃতিসৌধ আগামী ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হারুন মিয়া জানান, একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধের সময় বর্তমান বোয়ালখালী উপজেলা প্রশাসনিক ভবনটি ছিল পাকবাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর ঘাঁটি (ক্যাম্প)। মুক্তিবাহিনীর সদস্য ও নিরীহ মানুষকে ধরে এখানে এনে অমানুষিক নির্যাতন ও হত্যা করা হতো। পরে লাশ ফেলে দেওয়া হতো কর্ণফুলী নদী ও রায়খালী খালের রইস্যারমার ঘাটে। তিনি জানান, একাত্তরের ২৭ আগস্ট এই রাজাকার ক্যাম্প আক্রমণ করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে শহীদ হন ইপিআর হাবিলদার ফজলুল হক (ওস্তাদ ফজলু)। মারাত্মক আহত হন রেজাউল করিম ওরফে বেবী ও ছৈয়দ আবদুল ওয়াজেদ। আহত অবস্থায় বন্দীশালায় শহীদ হন তাঁরা। ওই গ্রেনেড বিস্ফোরণে অনেক রাজাকার-আলবদর সদস্যও মারা যায়। এ আক্রমণের খবর পেয়ে পরদিন (২৮ আগস্ট) সকালে ক্যাম্প পরিদর্শনে আসেন চট্টগ্রামের রাজাকার প্রধান মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী। পরে তিন শহীদসহ সবার লাশ গুম করে ফেলা হয়। জানা গেছে, স্বাধীনতার পরে ওই ভবনে করা হয় সিও (সার্কেল অফিসার) কার্যালয়। এরশাদ শাসনামলে এটি রূপান্তরিত হয় উপজেলা প্রশাসনিক ভবনে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সেই ভবনের সামনে মাঠের একপাশে রয়েছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। আরেক পাশে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিসৌধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদ রহীম বলেন, ‘জেলা পরিষদের অর্থায়নে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এতে শহীদদের নামে ফলক বসানোর প্রস্তাবনাও ছিল। কিন্তু অর্থসংকুলান না হওয়ায় তা হয়নি।’ প্রসঙ্গত, ১৯৯৬ সালে বোয়ালখালী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে শহীদ ওয়াজেদ চত্বর ঘোষণা করে এখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুল কাদের সিদ্দিকী। কিন্তু তা আর আলোর মুখ দেখেনি।এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বলেছেন, ‘ওয়াজেদ এখানে শহীদ হয়েছিলেন। তাঁর আত্মদান ধরে রাখার জন্য আমরা শহীদ ওয়াজেদ চত্বর নামকরণ করেছিলাম।’ মুক্তিযোদ্ধা মৃণাল বড়ুয়া ও বেলাল হোসেন বলেন, ‘স্বাধীনতার পর প্রথম স্মৃতিসৌধ হয়েছে এখানে। এটি আমাদের জন্য গর্বের কথা। অনেক সময় দেখা যায়, কর্তৃপক্ষের অবহেলার কারণে এ রকম স্মৃতিস্থানগুলোর পবিত্রতা নষ্ট হয়ে যায়। প্রশাসনকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদের সচিব) রবীন্দ্রশ্রী বড়ুয়া। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শহীদ মিনার ও স্মৃতিসৌধের মর্যাদা আলাদা। এখানে স্মৃতিসৌধ না থাকায় জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানানো হয় শুধু শহীদ মিনারেই। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।’