বোয়ালখালীতে লোনা পানি বোরো চাষ কমে গেছে
‘শুষ্ক মৌসুমে কর্ণফুলীর শাখা বোয়ালখালী খাল, নব্বইখালি ও রায়খালি খালে লোনাপানি ঢুকে পড়ে। ওই পানি দিয়ে সেচের কারণে বোরো ধানের চারা মরে গেছে গত বছর। তিন বছর ধরে চলছে এ অবস্থা। লোনাপানির আশঙ্কায় এবারও চারা রোপণের সাহস পাচ্ছি না।’ কথাগুলো বললেন, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার কৃষক বাদশা মিয়া (৭৫)। তিনি আরও বলেন, ৫০ বছর ধরে বোরো চাষ করে আসছি। কিন্তু কর্ণফুলীতে কখনো লোনাপানি দেখিনি। এখন কেন এমন হচ্ছে বুঝতে পারছি না।’ লোনাপানির আশঙ্কায় এবার চাষ করছেন না উপজেলার কয়েক শ কৃষক। এ জন্য বোরোর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার পরিমাণ কমে গেলে সাগরের লোনাপানি উজানে উঠে আসে। তবে এ বছর এখনো কর্ণফুলীর পানিতে লবণ পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা যদু শীল জানান, ‘বোরো চারা বপনের উত্তম সময় এখন। অবশ্য আগামী ১৫ মার্চ পর্যন্ত রোপণ করা যাবে। প্রতি মাসে কর্ণফুলীর পানি পরীক্ষা করা হচ্ছে। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরীক্ষায় মাত্র এক ডেসিসিমেন (লবণের মাত্রা পরিমাপের একক) লবণের উপস্থিতি পাওয়া গেছে। চার ডেসিসিমেনের ওপরে উঠলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। গত বছর পানিতে লবণের সর্বনিম্ন উপস্থিতি ছিল আট ডেসিসিমেন ও সর্বোচ্চ ২৮ দশমিক ছয়। এ জন্য ক্ষতির পরিমাণ বেশি ছিল।’জানা গেছে, গত বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৬৬০ হেক্টর। লোনাপানির কারণে ক্ষতিগ্রস্ত হয় দেড় হাজার হেক্টর জমির ফসল।যদু শীল কৃষকদের লোনাপানি সহিষ্ণু হাইব্রিড, বিআর ২৮ ও ২৯ জাতের ধান রোপণের পরামর্শ দেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে আবাদি জমির পরিমাণ ছয় হাজার ৮০০ হেক্টর। এবার এক হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রা ৮০০ হেক্টর কম ধরা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত চাষ হয়েছে মাত্র ১৫ হেক্টর জমিতে। আর বীজতলা তৈরি রয়েছে ১২৫ হেক্টর জমির। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের অধিকাংশ জমিতে বোরো চাষ শুরু হয়নি। অনাবাদি পড়ে রয়েছে বিলের পর বিল। তবে কয়েকটি স্থানে অগভীর নলকূপের মাধ্যমে চাষাবাদ ও বীজতলার পরিচর্যা করতে দেখা যায়। চাষিরা জানান, গত বছর বোয়ালখালী খালের পানিতে লবণের উপস্থিতি ছিল বেশি। এ কারণে বোয়ালখালী ও পটিয়ায় বোরোর ব্যাপক ক্ষতি হয়। বোয়ালখালীর কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, শাকপুরা, আহলা- করলডেঙ্গা ও সারোয়াতলী ইউনিয়নে ফসলের বেশি ক্ষতি হয়। করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সেচ প্রকল্পের ব্যবস্থাপক কুমকুম দাশ বলেন, চাষাবাদে অনাগ্রহের কারণে এলাকার ১৭টি সেচযন্ত্র অকেজো পড়ে আছে। সেচযন্ত্রে ব্যবহূত ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার পল্লি বিদ্যুত্ কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘ভাণ্ডালজুরি খাল ও পাহাড়ি ছড়া নিয়ে রাবারড্যাম-স্লুইসগেট স্থাপন করে জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও করলডেঙ্গা ইউনিয়নের দেড় হাজার একর জমি বোরো চাষের আওতায় আনা সহজ হবে।’ বোয়ালখালী কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর সওদাগর জানান, ‘অনেক খাল ভরাট ও বেদখল হয়ে গেছে। এ কারণে আমন মৌসুমে ধানি জমি পানিতে তলিয়ে যায় ও বোরো মৌসুমে পানিসংকটে চাষ হয় না।’ উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিক উল্লাহ জানান, ‘লোনাপানির কারণে বোরো চাষ অর্ধেকে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। কাপ্তাই হ্রদে এবার যথেষ্ট পানি মজুদ রয়েছে। হ্রদ থেকে নিয়মিত পানি ছাড়া হচ্ছে। জোয়ারের সময় সাগরের লোনাপানি উজানে খুব বেশি উঠতে পারছে না। তাই কৃষকেরা এবার তেমন ক্ষতিগ্রস্ত হবেন না।’