বোয়ালখালীতে শিশুদের মুগ্ধতা জাগানিয়া পরিবেশনা
আলোচনা সভা শেষে অতিথিরা মঞ্চ থেকে নামতেই বেজে উঠল ‘লীলাবালি, লীলাবালি...কী দিয়া সাজাইমু তারে’ গানটি। সুরের তালে তালে বর-কনে সাজা ছোট্ট দুই শিশুকে নিয়ে মঞ্চে উঠে আসে এক ঝাঁক শিশু-কিশোর। সাজানো ছিল বিয়ের কুঞ্জ। ফুটে ওঠে গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বিয়েবাড়ির আবহ। সুর আর ছন্দের ঢেউয়ের মাঝে বসে থাকতে পারেননি উপস্থিত অতিথি-দর্শকেরা। শিশুদের এই মনোমুগ্ধকর সুরেলা উন্মাদনায় মেতে ওঠেন তাঁরাও। উচ্ছ্বসিত হাসিতে মেতে উঠেছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব (সেকেন্ড সেক্রেটারি) থেটসুমি থাকাহাসিও। ৯ মার্চ জাপান সরকার ও বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা প্রত্যাশীর যৌথ উদ্যোগে বোয়ালখালীর আকুবদণ্ডীতে প্রত্যাশী মাল্টিপারপাস এডুকেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল এমন আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব কাজী মেজবাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) জসীম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদা খানম, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম। প্রত্যাশীর নির্বাহী চেয়ারম্যান সুকুমার শীলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, সাংবাদিক অধীর বড়ুয়া, নওজোয়ানের সভাপতি ইমাম হোসেন চৌধুরী, সমাজসেবী ইকবাল পাশা, নাসিম হায়দার প্রমুখ। জাপান দূতাবাসের সেক্রেটারি থেটসুমি থাকাহাসিও বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের শিক্ষাদান এবং যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও আলোকিত নাগরিক গড়ে তুলতে সহায়তা করবে এ সেন্টার। এ অনুষ্ঠানের মাধ্যমে জাপান-বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।’ প্রত্যাশীর নির্বাহী পরিচালক জানান, এ সেন্টারে অনানুষ্ঠানিক শিক্ষাদান ও আয়বর্ধনমূলক কাজের প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও বৃদ্ধাশ্রম, ছাত্রাবাস, সেমিনার কক্ষ স্থাপন করা হয়েছে। এতে দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়ন কার্যক্রম গতিশীল হবে বলে তিনি আশা করেন।