বোয়ালখালীতে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে
বোয়ালখালীতে স্বাস্থ্যসচেতনতা বেড়েছে। বর্তমানে ৯৮ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে বলে জানা গেছে। এলাকার বিভিন্ন স্তরের মানুষকে ক্লাস্টার-ফোরামের মাধ্যমে উদ্বুদ্ধ করার ফলে সচেতনতা বেড়েছে বলে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা জানান। জানা যায়, উপজেলায় পরিবার রয়েছে ৪১ হাজার ৩০২টি। এর মধ্যে ২০০৮ সালে স্বাস্থ্যসম্মত শৌচাগার ছিল ২৯ হাজার ৯৩৪ পরিবারে (৭২ শতাংশ)। ২০০৯ সালে তা ৮৭ শতাংশ এবং ২০১০ সালে ৯৮ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে উপজেলার ৪০ হাজার ২৯৫টি পরিবারে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে। ব্র্যাক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ১৬৩টি গ্রামওয়াশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী ব্র্যাক ওয়াশ কর্মসূচির ব্যবস্থাপক সুরাইয়া ইয়াছমিন বলেন, ২০০৮ সালে উপজেলার এক হাজার পরিবারকে এক হাজার টাকা করে ঋণ দিয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন নিশ্চিত করা হয়। ২০০৯ সালের মার্চ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ৫১৬টি অতিদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগারের জিনিসপত্র বিনা মূল্যে বিতরণ করা হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচির সংগঠক মো. আল আমিন জানান, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্রীদের ব্যবহারের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ১৪টি স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করা হয়েছে। এ ছাড়াও শিশু-কিশোর, কিশোরী এবং পুরুষ-মহিলাদের নিয়ে ক্লাস্টার-ফোরাম করে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। ফলে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে।