সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, এলাকাবাসীর বিপরীতমুখী বক্তব্য
বোয়ালখালীতে ‘পৌরসভা’ নিয়ে ধূম্রজাল
‘অ বাজি, কী বলে পৌরসভা অইবু, এতাল্লাই নাকি ভোট নইবু। পৌরসভা অইলে কী লাব অইবু?’ উপজেলা সদর থেকে বহদ্দারপাড়ায় যাওয়ার সময় রিকশাচালক আহমদ নবী কথাগুলো বলেন। কয়েক দিন ধরে এমনই আলোচনা চলছে বোয়ালখালী উপজেলার তিন ইউনিয়নের মানুষের মধ্যে। পৌরসভা হলে লাভ-ক্ষতি কী—তা নিয়েই কথা হচ্ছে বেশি। তবে হঠার্যা করে নির্বাচন স্থগিত হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। স্থানীয় লোকজনের কাছ থেকেও বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে। উপজেলা সদর পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের নয় ওয়ার্ড, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ড এবং কধুরখীল ইউনিয়নের ১-৩ নম্বর ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠনের কথা শোনা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ বেগম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো (মঙ্গলবার) কোনো সিদ্ধান্ত পাইনি।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখনো লিখিত কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনামতেই ব্যবস্থা নেওয়া হবে।’ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুন বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ মে থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু ও ৩০ মে দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১-২ জুন, আপিল দায়ের ৩-৫ জুন, নিষ্পত্তি ৬-৮ জুন এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জুন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগসহ প্রচার-প্রচারণা শুরু করে। পৌরসভা ঘোষণার কথা ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের প্রচারণা হঠার্যা থমকে যায়। এ ব্যাপারে সাংসদ মঈনউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বোয়ালখালীতে যে চিঠি গেছে তা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ চিঠির ভিত্তি দেখবে নির্বাচন কমিশন।পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই, পৌরসভা নয়। কারণ এলাকার সিংহভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। তাঁদের পৌরকর দেওয়ার সামর্থ্য নেই।’উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম বলেন, ‘পৌরসভা হলে এলাকার উন্নয়ন হবে, এলাকাবাসীর মান-মর্যাদা বাড়বে। শহরতলির জনপদ হিসেবে অনেক আগেই পৌরসভা হওয়া উচিত ছিল। বোয়ালখালীকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানও।’ জানা গেছে, ২০০১ সালের ১৫ মে উপজেলা সদর শহীদ মিনারে এক জনসভায় বোয়ালখালীকে পৌরসভা করার ঘোষণা দেন জিল্লুর রহমান। ওই বছরের ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়া গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপশহর করার প্রতিশ্রুতি দেন। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক শওকত আলম বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আবার পৌরসভার কথা শোনা যাচ্ছে, কোন পথে যাব তা নিয়ে দ্বিধায় রয়েছি।’ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও পৌরসভা নিয়ে কোনো মন্তব্য করেননি কধুরখীল ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শাহাদার্যা হোসেন। পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘পাশের এলাকার পৌরসভায় কী উন্নয়ন হয়েছে, হচ্ছে—তা আমরা দেখছি। পৌরসভা না করে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করাটাই যুক্তিযুক্ত।’ উপজেলা চেয়ারম্যান বুদরুচ মেহের বলেন, পৌরসভা হলে জনগণের নাগরিক সুবিধা বাড়লেও করের বোঝা বইতে হবে তাঁদের। তবে ধীরে ধীরে তা সহনীয় হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।