সাম্প্রতিক বৃষ্টিপাত ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত কর্ণফুলী নদীর তীরবর্তী বোয়ালখালী উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে অতিরিক্ত পানি নেমে গেলেও জোয়ারের সময় এলাকায় পানি ওঠানামা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে ঘরবাড়ি, পুকুর, ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় অর্ধশতাধিক সড়কের অবস্থা নাজুক হয়ে পড়ায় যানবাহনসহ পথচারীদের চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নদীতীরবর্তী এলাকা চরণদ্বীপ, কধুরখীল, শ্রীপুর-খরণদ্বীপ, শাকপুরা ও পশ্চিম গোমদণ্ডী—এ পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চলে জোয়ার-ভাটার পানি এখনো ওঠানামা করছে। এসব এলাকার অর্ধলক্ষাধিক মানুষ নানাভাবে ক্ষতির শিকার হয়েছেন।দেখা গেছে, কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের বিভিন্ন অংশ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার প্রধান সড়ক কানুনগোপাড়া (হাওলা ডিসি সড়ক) ও পশ্চিম গোমদণ্ডীর খাজা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়াও অভ্যন্তরীণ অর্ধশতাধিক সড়কের বেহাল দশা হয়েছে।টেম্পোশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হারুণ জানান, ভাণ্ডালজুড়ি সড়কের চৌধুরীহাটসংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল অচল হয়ে পড়েছে। স্থানীয় সদস্যের (মেম্বার) সহায়তায় টেম্পো সমিতি প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ করে বালুর বস্তা ও মাটি ফেলে সামান্য সংস্কার করেছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীল এলাকার অর্ধলক্ষাধিক জনগণের দুর্ভোগ শেষ হবে না। চরণদ্বীপ এলাকার হারভাংগিরি সড়ক, শেখপাড়া সড়ক, নোয়ারাস্তা, চেয়ারম্যান সড়ক, খলিল তালুকদার সড়ক, আমির উদ্দিন সারাং সড়ক, উজির আলী সড়ক, হাজিপাড়া সড়ক, চরণদ্বীপ ইউসি বিদ্যালয় সড়কসহ আরও কয়েকটি কাঁচা-পাকা সড়ক ভেঙে গেছে।এ বিষয়ে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান, নদীতীরবর্তী এলাকা হওয়ায় এ ইউনিয়নে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। যোগাযোগের প্রধান মাধ্যম কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের ১৫টি স্থানে দেবে গেছে। অন্য সড়ক ও নদীপথে লোকজনকে চলাচল করতে হচ্ছে। এ ছাড়াও অন্তত ১৫টি গ্রামীণ সড়ক ভেঙে গেছে বলে জানান তিনি। তিনি বলেন, পানি নামার সঙ্গে সঙ্গে কর্ণফুলীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। শতাধিক বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে।পশ্চিম গোমদণ্ডীর চরখিজিরপুর এলাকার হারুণুর রশিদ জানান, চলাচলের প্রধান সড়ক খাজা সড়কের সাতগরিয়াপাড়া থেকে কালিধর পুল (সেতু) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক। এ ছাড়াও অন্য পাঁচটি সড়ক সাইকেল-রিকশা পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘আমার ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমির বেশি ক্ষতি হয়েছে। ১০-১৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’গোমদণ্ডী এলাকার রিকশাচালক মো. নবী বলেন, ‘রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে। রিকশা চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।’ গোমদণ্ডী এলাকার জসিম উদ্দিন বলেন, ‘পশ্চিম গোমদণ্ডীর আরাকান সড়কের পাশে একটি বেসরকারি প্রকল্পে মাটি ও বালু ভরাটের কাজ শুরু করেছিলাম। কিন্তু পানির তোড়ে তা ভেঙে নেমে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।’ শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, কর্ণফুলী নদী, ভাণ্ডালজুড়ি খাল ও পাহাড়ি ঢলে তাঁর ইউনিয়নের দুই শতাধিক পরিবার ভাঙনের মুখে পড়েছে। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম জানান, নদীঘেঁষা তিন ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০টি পুকুর ও মাছের খামার, কাঁচা-পাকা মিলে প্রায় ছয় কিলোমিটার রাস্তা, ৪০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য চার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ মিলেছে বলে জানান তিনি।