বোয়ালখালীর কৃষিজমিতে গড়ে উঠছে শিল্পকারখানা
কালুরঘাট সেতু পার হয়ে আরাকান সড়ক দিয়ে যাওয়ার সময় দুই পাশে চোখে পড়বে শুধু শিল্পকারখানা। সড়কের দুই পাশে ফসলি জমি ভরাট করে গড়ে উঠছে আরও অনেক কারখানা। বিলে বিলে সোনালি ধানের শীষ আর সবুজের সমারোহ এখন আর চোখে পড়ে না। শিল্পায়নের চাপে দিন দিন কমছে আবাদি জমি।সরেজমিন ঘুরে দেখা গেছে, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট শিল্প এলাকায় গড়ে উঠেছে রিজেন্ট টেক্সটাইল, টি কে পেপার ইউনিট, হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলস ও কনফিডেন্স সল্ট। শাকপুরায় দেশ ডেনিম, এমপি স্পিনিং মিলস, এমপি টেক্সটাইল। পশ্চিম গোমদণ্ডী রায়খালী এলাকায় এ এন জেট টেরি টেক্সটাইল, এরিনা স্পিনিং ও কম্পোজিট মিলস। বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নেই বেশি কারখানা গড়ে উঠেছে। এখানে বড় আটটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। আরও ছয়-সাতটি গড়ে উঠছে। এর মধ্যে চরখিদিরপুর এলাকায় গড়ে উঠছে এইচ আর গ্রুপের পাওয়ার প্ল্যান্ট ও শিপইয়ার্ড। চরখিজিরপুরে হচ্ছে এস এ গ্রুপের এস এ সল্ট। রায়খালী ঘাটকুলে হচ্ছে এসএমসি গ্রুপের শিপইয়ার্ড। গোমদণ্ডী ফুলতলীতে হচ্ছে মাম করপোরেশনের কারখানা।স্থানীয় লোকজন জানান, আরাকান সড়কের পাশে কোনো কৃষিজমি এখন আর খালি নেই। সবখানে লাগানো রয়েছে কোনো না কোনো প্রতিষ্ঠানের পরিচিতিফলক (সাইনবোর্ড)। পাঁচ শতাধিক একর এলাকাজুড়ে এখন কোথাও লাগানো আছে পরিচিতিফলক, কোথাও চলছে ভরাট। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, বোয়ালখালীতে চাষযোগ্য জমির পরিমাণ ছয় হাজার ৮০০ হেক্টর। চলতি মৌসুমে বোরোর চাষ হয়েছে দুই হাজার ২০০ হেক্টরে। আবাদযোগ্য জমি দিন দিন কমে যাওয়ায় চাষাবাদও কমে যাচ্ছে। কারণ অধিকাংশ কারখানা গড়ে উঠেছে ফসলি জমিতে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে উপজেলার উৎপাদন লক্ষ্যমাত্রা হ্রাস পাবে। বিঘ্নিত হবে খাদ্যনিরাপত্তা। উপজেলা কৃষি কর্মকর্তা এনায়েত-ই-রাব্বী উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘কৃষিজমিতে স্থাপনা ও মিলকারখানা বন্ধে বর্তমান আইনে বাধা দেওয়ার সুযোগ নেই। সরকার কৃষিজমিতে স্থাপনা বন্ধে যে নীতিমালা ও আইন প্রণয়ন করছে, তা জরুরিভিত্তিতে চূড়ান্ত করা প্রয়োজন। অন্যথায় কৃষিজমি দ্রুত কমে যাবে। দেশে খাদ্যঘাটতি আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।’ পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, মিল-কারখানাগুলো বড় ব্যাসের পাইপ (নল) লাইন দিয়ে পানি তুলে নিচ্ছে। পানীয়জলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এলাকার তেমন উন্নয়ন হয়নি বলে দাবি করে তিনি বলেন, শ্রমিক হিসেবে মুষ্টিমেয় এলাকার লোকজন চাকরি পেয়েছে। কারখানার ৩০-৪০ টন ওজনের যানবাহন চলাচল করে রাস্তাঘাটের নাজুক অবস্থা হয়ে পড়েছে।পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্টের ঠিকাদার মমতাজ উদ্দিন বলেন, ‘শিল্পকারখানা গড়ে ওঠায় এলাকার পাঁচ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জায়গা-জমির দাম বেড়েছে।’ তবে এলাকার তেমন উন্নয়ন হয়নি বলে স্বীকার করে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের তেমন নজরদারি নেই।’ কালুরঘাট হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলের কর্মচারী মো. ওসমান বলেন, ‘একের পর এক কারখানা গড়ে উঠলেও শ্রমিকদের মজুরি ও জীবনমান পরিবর্তন হচ্ছে না। দৈনিক ভিত্তিতে ১২০ টাকার বেতন দিয়ে সংসার চালাতে হয়। নেই চিকিৎসা সুবিধা। এখানে শ্রমিকদের পক্ষে কথা বলার কোনো লোকই নেই।’চরখিজিরপুর এলাকার বাসিন্দা শেখ আহমদ জানান, সরকারের নজরদারি না থাকায় লোকালয়ে বসতঘর ঘেঁষেই হচ্ছে লবণ কারখানা। ভরাট করা হয়েছে শতবর্ষী পুকুরও। এলাকার জনগণ পানীয় কষ্টে ভুগছেন। জনবসতি হুমকির মুখে রয়েছে। মিলিটারিপুল এলাকার বসিন্দা মো. গিয়াস উদ্দিন বলেন, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে খাল ও নদী দূষিত হচ্ছে। দূষিত পানি ছড়িয়ে পড়ছে খালে-বিলে। ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালেও এখন আগের মতো মাছ পাওয়া যায় না। টি কে পেপার ইউনিট কমপ্লেক্সের চরখিদিরপুরের প্রকল্প পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শিল্পকারখানা হলে এলাকার লাভ ছাড়া ক্ষতি নেই। অনেক লোকের কর্মসংস্থান হয়। এলাকা উন্নত হচ্ছে।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম বলেন, শিল্পকারখানা হলে কৃষিজমি কমতে পারে। আলাদা কোনো শিল্পএলাকা গড়ে তোলার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। বোয়ালখালীর জন্য এ রকম কোনো পরিকল্পনা আছে কি না তা আমার জানা নেই।’