বোয়ালখালীর বাতিঘর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে ক্লাসের অবসরে খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। ছবিটি গত বৃহস্পতিবার েতালা l প্রথম আলো
বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে ক্লাসের অবসরে খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। ছবিটি গত বৃহস্পতিবার েতালা l প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের অধ্যাপক শ্রীকান্ত চৌধুরী, অস্ট্রেলিয়ায় কম্পিউটার সায়েন্স নিয়ে গবেষণারত সুজন চৌধুরী, যুক্তরাষ্ট্রের কার্বনডেল শহরের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রভাষক পুজন কুমার চৌধুরী, বিচারিক হাকিম শিরিন আকতার কিংবা জাতীয় দলের ফুটবলার তৌহিদুল আলমের মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে। এটা হলো তাঁরা সবাই বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
৫৯ বছর ধরে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয় এমন অনেক কীর্তিমান মানুষের জন্ম দিয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীর এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বাতিঘরের মতো নীরবেই আলো ছড়িয়ে যাচ্ছে। পাঠাগার, বিজ্ঞানাগার, খেলার মাঠসহ মানসম্পন্ন শিক্ষার পর্যাপ্ত অবকাঠামো রয়েছে এই বিদ্যালয়ের। তবু এখনো জাতীয়করণ হয়নি উপজেলার একমাত্র মডেল উচ্চবিদ্যালয়টির।
বোয়ালখালীর কানুনগোপাড়া হাওলা সড়ক দিয়ে যাওয়ার পথে উপজেলা সদরে চোখে পড়বে সুদৃশ্য তোরণ। মূল ফটক পার হয়ে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভেতর ঢুকতেই পথের দুই পাশে টবে লাগানো বাহারি ফুল স্বাগত জানায়। চারপাশের খোলা জায়গায় নানা প্রজাতির ফলদ গাছ। এরপর একটি দোতলা ভবন পার হতেই বিশাল খেলার মাঠ। মাঠের চারদিক সীমানাপ্রাচীরে ঘেরা। সীমানাদেয়ালের পাশ ঘেঁষে নানা প্রজাতির বনজ বৃক্ষ। মাঠের পশ্চিম পাশে খোলা মঞ্চ। তার গা ঘেঁষে তিনতলাবিশিষ্ট একটি আধুনিক ভবন। ভবনটি তৈরি হয়েছে প্রতিবন্ধীবান্ধব করে। বিদ্যালয়ের চত্বর বা খেলার মাঠে কোথাও ময়লা-আবর্জনা চোখে পড়েনি। পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস যেন জ্ঞানচর্চার আদর্শ পরিবেশ তৈরি করেছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ১৯৫৮ সালে ৩ দশমিক ৯৬ একর জায়গার ওপর প্রতিষ্ঠা হয় এ বিদ্যালয়ের। উপজেলার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির সহায়তায় খড়ের ছাউনিযুক্ত ও বাঁশের বেড়ার একটি ঘরে যাত্রা শুরু করে এই বিদ্যালয়। শুরুতে এটি ছিল নিম্নমাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় হিসেবে এ বিদ্যালয়ের পথচলা শুরু হয়।
১৯৬৩ সালে এটি সরকারি স্বীকৃতি পায়। তখন এই বিদ্যালয় থেকে ১৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৯৭৭-১৯৭৮ সালে এ বিদ্যালয় পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালে ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে একটি আধুনিক একাডেমিক ভবনও নির্মাণ করা হয়। উপজেলার ৩১টি উচ্চবিদ্যালয়ের এটি এখন একমাত্র পাইলট মডেল উচ্চবিদ্যালয়।
বিদ্যালয়ের নতুন ও পুরোনো ভবনে মোট ৪৫টি কক্ষ রয়েছে। আড়াই হাজার শিক্ষার্থীকে পাঠদান করছেন ৩৪ জন শিক্ষক। এই বিদ্যালয়ে রয়েছে ২২টি কম্পিউটারসমৃদ্ধ ভোকেশনাল মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব ও প্রায় ৪০ হাজার বইসংবলিত সমৃদ্ধ পাঠাগার।
বিদ্যালয়ের এসএসসির পাসের হার ৮৭ শতাংশের বেশি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেবল পড়াশোনায় এগিয়ে তা নয়, বরং খেলাধুলা ও সংস্কৃতিচর্চায়ও সাফল্য অর্জন করেছে। ২০১৫-১৬ বর্ষে এ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সাইমা ও নাঈমা সুলতানা স্কাউটসে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করে।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন মডেল ভবনের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক প্রলয় চৌধুরী। তাঁর পাঠদানের বিষয়বস্তু ছিল ‘কৃষিকাজের মাধ্যমে একজন প্রতিবন্ধীর স্বাবলম্বী হয়ে ওঠা’। তিনি বলেন, বিদ্যালয়ে পাঠদানের আধুনিক সব ব্যবস্থা থাকায় পাঠদান করতে সুবিধা হচ্ছে। সরকারের নির্দেশনা মেনে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান করায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটছে।

অবসরে দাবা নিয়ে মগ্ন দুই শিক্ষার্থী। তাদের খেলা দেখতে ভিড় জমিয়েছে অন্যরা  l প্রথম আলো
অবসরে দাবা নিয়ে মগ্ন দুই শিক্ষার্থী। তাদের খেলা দেখতে ভিড় জমিয়েছে অন্যরা l প্রথম আলো

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোছলেম উদ্দিন আহম্মদ জানান, সার্বিক মানদণ্ড বিচার করে সরকার দেশের ৩১৫টির উপজেলা থেকে মডেল উচ্চবিদ্যালয় নির্বাচন করে। এসব মানদণ্ডে এগিয়ে ছিল বলে গোমদণ্ডী উচ্চবিদ্যালয় মডেল পাইলট বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। ফলে এটিকে জাতীয়করণ এখন সময়ের ব্যাপার। এটা প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয়করণ হলে ভবিষ্যতে এ এলাকার দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম বলেন, এটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ বিদ্যালয়ের অনেক ইতিহাস রয়েছে। ১৯৭১ সালে বিদ্যালয়টি মুক্তিযোদ্ধাদের গোপন আস্তানা ছিল।
তিনি আরও জানান, বিদ্যালয়ের ৩০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র উপবৃত্তির আওতায় আছে। ২০ শতাংশ শিক্ষার্থী বিনা বেতনে পড়ছে। উপজেলার বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয়করণ হলে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।