বোয়ালিয়া খালের সেতুতে হা
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের তেলিফিল্ডসংলগ্ন বোয়ালিয়া খালের সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজনের দুর্ভোগ বেড়েছে। রোগীর চলাচল ও কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। জানা যায়, গত মাসের প্রথম সপ্তাহে সেতুর মাঝখানের অংশ ভেঙে যায়। দুইপাশে যে জায়গা আছে তা দিয়ে একটা রিকশাও চলতে পারে না। চালকেরা যাত্রী নামিয়ে দিয়ে ওই অংশ পার হন। ১৯৯০ সালে নির্মিত সেতু দিয়ে মধ্যম আমিরাবাদের ১৫-২০ হাজার মানুষ বটতলী উপজেলা সদরে যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আব্দুর রহিম বলেন, ‘সেতু মেরামতের জন্য উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’গোলামবারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাশ বলেন, সেতু ভেঙে যাওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে গেছে। অভিভাবক সুলতান আহমদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে ছেলেমেয়েদের একা বিদ্যালয়ে পাঠাতে ভয় হয়। কৃষক বাঁচা মিয়া বলেন, ‘টংকাবতী খালের দুইপাশে প্রচুর শাকসবজি উৎপাদিত হয়। সেতু ভেঙে যাওয়ায় সবজি নিয়ে চার-পাঁচ কিলোমিটার ঘুরে বটতলী সদরে যেতে হয়। এতে পরিবহন খরচ বেড়ে যায়।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী এস এম রাশেদুর রহমান জানান, ‘সেতুটি সরেজমিনে পরিদর্শন করেছি। সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘এলাকার জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত অর্থবরাদ্দ না থাকায় সংস্কারের উদ্যোগ নিতে দেরি হচ্ছে।’