বৌদ্ধ পুরাকীর্তির শহর রামু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বসন্তে ঘুরে আসতে পারেন রামু। রামু যেতে হলে আপনাকে কক্সবাজারের ১৫ কিলোমিটার আগে অর্থাৎ রামু বাইপাসে নামতে হবে। সড়কের দুপাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সারি সারি ঝাউগাছ আর অনতিদূরে ঝাঁকে ঝাঁকে সুপারিগাছ আপনাকে স্বাগত জানাবে। জেনে অবাক হবেন, শুধু রামুতেই আছে অপূর্ব কারুকাজে নির্মিত ২৮টি প্রাচীন বৌদ্ধমন্দির বা ক্যাং। এজন্য রামুকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পুণ্যভূমি বলা হয়। এখানে আরও আছে বিখ্যাত রাবারবাগান, কানারাজার সুড়ঙ্গ (আঁধারমানিক), নারকেলবাগান, জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমসহ দেখার মতো অনেক কিছু। রামু বাইপাস অথবা চৌমুহনী স্টেশনে এসে সিএনজি অটোরিকশা, জিপ, মাইক্রো বা রিকশায় চড়ে আপনি শুরু করতে পারেন ভ্রমণ।রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার: চৌমুহনী স্টেশন থেকে তিন কিলোমিটার দক্ষিণে, রাজারকুল এলাকায় পাহাড়চূড়ায় মন্দিরটি অবস্থিত। প্রায় আড়াই হাজার বছর আগে ৩০৮ খ্রিষ্টপূর্বে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। প্রবেশপথের দুধারে সারি সারি ঝাউবিথি আর সাজানো বাগান দেখে আপনার মন ছুঁয়ে যাবে। সিঁড়ি বেয়ে ওপরে উঠেই দেখবেন বড় বড় দুটি বুদ্ধমূর্তি। বৌদ্ধদের মতে, এর একটিতে গৌতমবুদ্ধের বক্ষাস্থি স্থাপিত হয়েছে। আশপাশে ঘুরলে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন। বৌদ্ধদের অন্যতম পবিত্র তীর্থস্থান এটি।জগৎজ্যোতি চিলড্রেন হোম: রামকোট বনাশ্রম বৌদ্ধমন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামতেই আপনার চোখে পড়বে ভবনটি। এর অপূর্ব স্থাপত্যশৈলী আপনাকে হাতছানি দেবে। এটিই জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম। প্রায় ১০০ অনাথ ছেলেমেয়ের থাকার ঘর এটি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভেতরে ঢুকে দেখলে সবই আপনার ভালো লাগবে। ১৯৯৪ সালে ইতালির নাগরিক ফাদার পিয়াট্রো লুইজি এটি প্রতিষ্ঠা করেন। রামকোট তীর্থধাম: পাহাড়চূড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রামকূট তীর্থধাম। জনশ্রুতি আছে, এখানে সীতার মরিচ বাটার পাটা আছে। নারকেলবাগান: রামু-মরিচ্যা সড়ক ধরে একটু দক্ষিণে আধা কিলোমিটার গেলেই পেয়ে যাবেন আইসোলেটেড নারকেলবাগান। ১৯৮১-৮২ সালের দিকে এ বাগানের কাজ শুরু হয়। তবে অযত্ন-অবহেলায় বাগানটি এখন মৃতপ্রায়। বাগানকে ঘিরে প্রকৃতির অসাধারণ রূপ দেখে আপনার ভালো লাগবে। লামারপাড়া ক্যাং: লামারপাড়া ক্যাং-কে অনেকে থোয়াইংগ্যা চৌধুরীর ক্যাং বলে থাকেন। ১৮০০ সালে তৎকালীন রাখাইন জমিদার উথোয়েন অংক্য রাখাইন এটি প্রতিষ্ঠা করেন। পাড়ার ভেতরের শান্ত নিথর কিছুটা পথ মাড়িয়ে এ ক্যাংয়ে পৌঁছবেন। দেখে আশ্চর্য হবেন, এত বড় বড় পিতলের ঘণ্টা, এত বড় বুদ্ধমূর্তি এভাবে পড়ে আছে! অষ্টধাতু নির্মিত দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি এটি। চেরাংঘাটা বড় ক্যাং: এ ক্যাংটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশাল আকৃতির কাঠ। ক্যাংয়ের সামনের ফুলবাগান সত্যিই আপনাকে মুগ্ধ করবে। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে যেতে যেতে দেখবেন দুটি সাদা সিংহ দরজার দুপাশে বসে আছে। ওপরে উঠেই দেখবেন আলো-আঁধারি পরিবেশ আর সেখানে অপূর্ব কারুকাজখচিত অনেক বুদ্ধের আসন দ্যুতি ছড়াচ্ছে। প্রতিটি আসনে বসানো আছে মূল্যবান বুদ্ধমূর্তি। খুব সম্ভবত ছোট-বড় ২২টি মূর্তি আছে। এর মধ্যে ছয় ফুট লম্বা কাঠের সিংহশয্যা বুদ্ধমূর্তি, সেকালের বড় বড় ১১টি দেয়ালঘড়ি, তালপাতার ওপর লেখা ত্রিপিটক, বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিত্রপট, ত্রিপিটক পাঠাগারসহ আরও অনেক কিছু। কিন্তু ওখানে ‘ছবি তোলা নিষিদ্ধ।’লালচিং ও সাদাচিং একটির রং লাল, অন্যটি সাদা। ভারতের কলকাতা থেকে এসে মৌরী সওদাগর এটি প্রতিষ্ঠা করেন। তাই অনেকেই এটিকে কলকিত্যা চিংও বলেন। সাদা চিংয়ের আসল নাম শাসন ধব্জা মহাজ্যোতিপাল সীমা। এটি বৌদ্ধদের পবিত্র স্থান। কথিত আছে, এখানে মিথ্যা শপথ করলেই নেমে আসে বিপদ। মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার: প্রায় ৩০০ বছরের পুরোনো কাঠের তৈরি দোতলা এ বিহারের চমৎকার নির্মাণশৈলী ভালো লাগবে। নিচতলায় ভিক্ষুদের বসার আসন আর ওপরে রাখা হয়েছে বুদ্ধমূর্তি। এ বিহারের প্রধান সিদ্ধপুরুষের নাম পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। তিনি বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরুদের একজন।বিখ্যাত রাবারবাগান: চৌমুহনী স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে গেলেই আপনি পাবেন রামুর বিখ্যাত সেই রাবারবাগান। রাস্তার দুধারে রয়েছে সারি সারি রাবারগাছ। প্রায় দুহাজার ৬০০ একর এলাকায় বিস্তৃত এ বাগান। বাগানের মাঝখানে গড়ে তোলা হয়েছে রামুর সবচেয়ে প্রাচীন রাবারবাগান রেস্ট হাউস। এটি রামুর অন্যতম পিকনিক স্পট। সাগর ধোয়া হিমছড়ি: হিমছড়ি রামুর অন্যতম পর্যটন স্পট হলেও আপনাকে যেতে হবে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশঘেঁষে। সমুদ্রের পাঘেঁষে আছে ঝাউবন আর সবুজ পাহাড়। সেই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নামছে সুন্দরী ঝরনা। কীভাবে যাবেন, কোথায় থাকবেন শীতাতপ নিয়ন্ত্রিত, সাধারণ—সব ধরনের বিলাসবহুল বাস চলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে। আপনি চাইলে বিমানেও আসতে পারেন। রাতে থাকার জন্য আছে বনশিল্প উন্নয়ন করপোরেশনের বিশ্রামাগার ও জেলা পরিষদের ডাকবাংলো। তবে এর জন্য অনুমতি নিতে হবে।রামু চৌমুহনী স্টেশনের প্রায় আড়াই কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত উত্তর মিঠাছড়ি গ্রাম। উঁচু নিচু পাহাড় টিলায় সবুজের সমারোহ আর এখানকার শান্ত কোমল পরিবেশ দারুণ কাছে টানে মানুষকে। সেই অসাধারণ সৌন্দর্যঘেরা পাহাড়চূড়ায় এক টুকরা সবুজের মাঝেই অবস্থিত বিমুক্তি বির্দশন ভাবনাকেন্দ্র। সেখানেই তৈরি করা হচ্ছে মহামানব গৌতম বুদ্ধের বিশালাকার মূর্তি, ১০০ ফুট দীর্ঘ। এটিই দেশের সবচেয়ে বুদ্ধমূর্তি। বর্তমানে পুরাকীর্তির শহর রামুর প্রধান আর্কষণ পাহাড়চূড়ার এ মূর্তি। বৌদ্ধ নর-নারী ছাড়াও এ মূর্তিটি দেখলে ভ্রমণপিপাসু যেকোনো মানুষের প্রাণ জুড়িয়ে যায়। ভাবনাকেন্দ্রের পরিচালক ও এ মূর্তির প্রতিষ্ঠাতা করুণাশ্রী থের জানান, অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী নিয়ে বৌদ্ধ জাতিকে আলোর পথ দেখান মহামানব গৌতম বুদ্ধ। তিনি শান্তির প্রতীক, বৌদ্ধদের পথপ্রদর্শক। তাই এ মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বশান্তি সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি। বর্তমানে নির্মীয়মাণ এ মূর্তি দেখার জন্য দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসছে।