বৌদ্ধবিহারে নতুন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমাবিহারে ধর্মপ্রাণ মানুষের ভিড়। কেউ নতুন আনা বুদ্ধমূর্তির সামনে প্রার্থনারত। কেউ বিহারের জন্য পাওয়া বুদ্ধমূর্তি নিয়ে ফেরার তাড়ায়। বৌদ্ধপল্লিতে হামলার পর দীর্ঘদিনের ক্ষতে কিছুটা প্রলেপ। থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাঠানো বুদ্ধমূর্তিগুলো ঘিরে ছিল ছোটখাটো উৎসবের আমেজ। রামুসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৩৩টি বৌদ্ধবিহারের জন্য থাইল্যান্ড থেকে পাঠানো হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা দামের অষ্টধাতু ও ব্রোঞ্জের ৩৫টি বুদ্ধমূর্তি। ১৬ এপ্রিল সীমাবিহারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধমূর্তিগুলো বিতরণ করেন প্রধান অতিথি ও থাইল্যান্ডের বৌদ্ধধর্ম সুরক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক ফ্রাথেপ বিশুদ্ধিকবি।রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ১৭ ইসিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুলফিকার, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, ৫৭ ইস্ট বেঙ্গল রামু গ্যারিসনের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন ও কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া।বক্তব্য দেন সীমাবিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরু বড়ুয়া ও চট্টগ্রাম বৌদ্ধবিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো।প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র থাইল্যান্ড থেকে ছোট, বড় ও মাঝারি আকৃতির ৩৫টি বুদ্ধমূর্তি পাঠানো হয়, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। বুদ্ধমূর্তিগুলো গত ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে রামু কেন্দ্রীয় সীমাবিহারে আনা হয়। সমাধি, মারবিজয়ী, নাগরাজ, দাঁড়ানো প্রথম ধর্মদেশনার দৃশ্যসহ বিভিন্ন অবয়বে তৈরি বুদ্ধমূর্তিগুলোর উচ্চতা ৩ থেকে ১৫ ফুট। এগুলো রামু, উখিয়া, পটিয়া, রাউজান মিরসরাই, সীতাকুণ্ড, লামা ও চকরিয়ার ৩৩টি বিহারে বিতরণ করা হয়েছে। থাইল্যান্ড থেকে পাঠানো এই বুদ্ধমূর্তিগুলো ক্ষতিগ্রস্ত বিহারের শূন্যতা কিছুটা হলেও পূরণ করবে।গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করে রামুর ১২টি বৌদ্ধবিহার ও ৩০টির বেশি বসতঘর ধ্বংস করে। পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ শতাধিক বুদ্ধমূর্তি ধ্বংস হয়ে যায়।