ব্যক্তিগত সম্পর্কে নয় কাজেই হবে মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নয়, কাজের ওপর ভিত্তি করে নগরের বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) তৈরি হবে। গত মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠকে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ কথা বলেন।মঙ্গলবারের বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার, সব অঞ্চলের পুলিশের উপ-কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। বৈঠক সূত্রে জানা গেছে, খুনসহ বিভিন্ন মামলার তদন্ত শেষ করে বিচারের পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করা, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, ছিনতাইকারী-ডাকাত গ্রেপ্তার, অস্ত্র-মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের ক্ষেত্রে দক্ষতাই হবে একজন পুলিশ কর্মকর্তার বিচারের মাপকাঠি। প্রতি মাসে মূল্যায়নের তালিকায় এসব বিষয়ের উল্লেখ থাকবে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, নগরের ১২ থানায় ১৮০ জনের বেশি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কর্মরত আছেন। এ ছাড়া রয়েছেন পুলিশ পরিদর্শক মর্যাদার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এঁদের মধ্যে মাত্র কয়েকজন পুলিশ কর্মকর্তা তাঁদের দক্ষতা দেখাতে পারছেন। কাজের ক্ষেত্রে কেউ কেউ দক্ষতা দেখাতে সক্ষম হলেও বেশির ভাগ পিছিয়ে পড়ছেন। পিছিয়ে পড়া কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ আছে। নতুন নিয়মের কারণে পুলিশ কর্মকর্তারা পেশাগত দায়িত্ব পালনে বেশি মনযোগী হবেন বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন।নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেক পুলিশ কর্মকর্তার মূল্যায়ন হবে কাজের ভিত্তিতে। যেমন—কে কতটি মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন, কতটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন ইত্যাদি বিষয় দেখা হবে।’পুলিশ কমিশনার আরও বলেন, ‘চট্টগ্রাম নগরে ১৮০ জনের বেশি এসআই আছেন, তাঁদের সবাইকে চেনা সম্ভব নয়। তাঁরা কী করছেন, তা মাসিক প্রতিবেদনে উল্লেখ থাকবে। আগে আমরা ব্যক্তিগত সম্পর্কের ওপর পুলিশ কর্মকর্তাদের এসিআর দিতাম। এখন আর তা হবে না। মাসিক প্রতিবেদন থেকে এসিআর লেখা হবে। কেউ খারাপ করলে তাঁকে প্রথম মাসে মৌখিকভাবে সতর্ক করা হবে। দ্বিতীয় মাসে উন্নতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে মৃদু শাস্তিমূলক ব্যবস্থা এবং তৃতীয় মাসে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির জন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি। আর যাঁরা ভালো করবেন তাঁদের প্রতিমাসে পুরস্কার দেওয়া হবে।’জানা গেছে, চট্টগ্রাম মহানগর পুলিশে ১০/১২ জন এসআই কাজের দক্ষতায় এগিয়ে আছেন। বেশিরভাগ খুন বা ছিনতাই-ডাকাতি কিংবা অন্যান্য অপরাধের ঘটনা তাঁরা উদঘাটন করে আসছেন। এসআই পর্যায়ের শতাধিক কর্মকর্তার দক্ষতা চোখে পড়ে না। বরং কয়েকজনের বিরুদ্ধে জায়গা দখল, সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেওয়াসহ নানা অনৈতিক কাজের অভিযোগ আছে। সম্প্রতি খুলশি থানার ওসিকে অনুরূপ অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়। তিনি খুলশি এলাকায় বিভিন্ন ব্যক্তির জায়গা দখল-বেদখলে ইন্ধন দিয়ে আসছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। পুলিশ সূত্র জানায়, বিগত সময় রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যক্তি পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তাঁরা কাজের চেয়ে রাজনৈতিক নেতাদের তোষামোদ করা নিয়ে ব্যস্ত থাকেন বলে জানা গেছে, যা পেশাদারিত্ব খর্ব করে। এই ধরনের পুলিশ কর্মকর্তারা মামলার তদন্ত সম্পন্ন করতে পারে না। সন্ত্রাসীদেরও ধরতে পারেন না। বরং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর আগে তথ্য ফাঁস করে দেন।