ব্যক্তিত্বের প্রকাশে ফেসবুক 'লাইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘লাইক’ দেওয়ার বিষয়বস্তু দেখে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা যে পাওয়া যায়, তা তাঁর পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের আচরণ-বৈশিষ্ট্য দেখে পাওয়া ধারণার চেয়ে ভালো হয়। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন

.
.

প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে গত সোমবার প্রকাশিত হয়েছে। গবেষকেরা ‘মাইপারসোনালিটি’ নামের একটি অ্যাপ বা একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে মানুষের ফেসবুক ‘লাইকের’ প্রকৃতি নিয়ে জরিপ চালান। তাঁরা ফেসবুকে সক্রিয় ৮৬ হাজার ২২০ জন স্বেচ্ছাসেবীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেন এবং তাঁরা কী কী বিষয়ে ‘লাইক’ দেন, সেগুলো খতিয়ে দেখেন। এসব দেখে স্বেচ্ছাসেবীদের উদারতা, সুবুদ্ধি, বহির্মুখিতা, বিনয়, বাতুলতা, শিষ্টাচার প্রভৃতির প্রমাণ মেলে। সেই তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, কম্পিউটার কোনো মানুষের ব্যক্তিত্ব এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা করতে পারে। কেমব্রিজ সাইকোমেট্রিক্স সেন্টারের গবেষক উ ইউইউ বলেন, ভবিষ্যতে কম্পিউটার মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো একদম ঠিকভাবে বুঝে নিয়ে সেই অনুযায়ী আচরণ করতে পারবে। এভাবেই আবেগ-বুদ্ধিসম্পন্ন এবং সামাজিকভাবে দক্ষ যন্ত্রের বিকাশ ঘটবে। অবশ্য এ ধরনের যন্ত্রের আবির্ভাবের ফলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন কেউ কেউ। ফেসবুকে কোনো বিষয়ে ‘লাইক’ দেওয়া দেখে একজন মানুষের মনস্তাত্ত্বিক আচরণের বহিঃপ্রকাশ সম্পর্কেও ইঙ্গিত পাওয়া যায়। যেমন: ‘সালভাদর দালি’ বা ‘মেডিটেশনের’ প্রতি কেউ আগ্রহ দেখালে ধরে নেওয়া যায় তিনি উদারমনা হতে পারেন। কম্পিউটার প্রোগ্রামটি মাত্র ১০টি ফেসবুক ‘লাইক’ দেখে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে যে অনুমান করতে পারে, তা তাঁর সহকর্মী বা অন্তরঙ্গ বন্ধুদের চেয়েও নির্ভুল হয় বলে প্রমাণ মিলেছে। এএফপি