ব্যক্তির নামে পুকুর বন্দোবস্তি, আদালতে গেলেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের একটি সরকারি পুকুর ব্যক্তির নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্তি দেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী আদালত পর্যন্ত গেছেন। ইউনিয়নের পূর্ব সিকদার বিল গ্রামসহ চার গ্রামের দুশতাধিক পরিবারের ব্যবহারের পুকুরটি স্থানীয়দের চাষাবাদের একমাত্র ভরসা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং এসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার বিল, মগভিটাপাড়া, মিস্ত্রিপাড়া ও ভূঁইয়াপাড়া গ্রামের দুশতাধিক পরিবারসহ আশপাশের দুহাজার মানুষের ব্যবহারের একমাত্র ভরসা পূর্ব সিকদার বিল সরকারি পুকুরটি। চার একর তিন শতকের পুকুরটি গোপনে দীর্ঘমেয়াদি বন্দোবস্তি নেওয়ার জন্য একই এলাকার বাসিন্দা বর্তমানে চট্টগ্রামে বসবাসকারী আবদুল করিমের ছেলে একেএম নুরুল বশর ২০০৭ সালের ৭ মে ভূমি মন্ত্রণালয়ের সচিবের বরাবরে আবেদন করেন। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এসএম আবুল কালাম এ বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কাছে একটি চিঠি (স্মারক নম্বর-১৯৮, তারিখ-১৩/০৫/০৭) পাঠান। জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে উখিয়ায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে চিঠি দেওয়া হয়। তিনি সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিমকে তদন্ত প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেন।এলাকাবাসীর অভিযোগ, সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন না গিয়ে কার্যালয়ে বসেই প্রতিবেদন (স্মারক নম্বর-১৪৬/এসএ তারিখ-২২/১০/০৭) তৈরি করেন। যাতে বলা হয়, বর্তমানে পুকুরটি স্থানীয়রা ব্যবহার করছেন না। তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ শামীম আল-রাজী ওই প্রতিবেদনের ওপর পুকুরটি অনেকটা অরক্ষিত আছে বলে মন্তব্য করেন ২০০৭ সালের ১ নভেম্বর। ফলে দীর্ঘমেয়াদি বন্দোবস্তি দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়। অথচ খতিয়ানে (২৪৩৯ মন্তব্য কলামে) স্পষ্ট বলা হয়েছে, ‘স্থানীয় জনসাধারণের পানীয়জলের প্রয়োজন হেতু এটি বন্দোবস্তের বহির্ভূত।’স্থানীয় মো. ইসমাইল ও লিয়াকত আলী জানান, তাঁরা ১০ যুগেরও বেশি সময় ধরে পানীয়জলের জন্য এটি ব্যবহার করে আসছেন এবং বোরো মৌসুমে চাষাবাদ ও শীতকালীন ফসলের জন্য পুকুরের পানি দরকার হয়। এটি ব্যক্তির নামে বন্দোবস্তি দেওয়া হলে চরম দুর্ভোগে পড়বেন কয়েক গ্রামের মানুষ। সম্প্রতি এলাকাবাসী পুকুরটি ব্যক্তিকে বন্দোবস্তি দেওয়ার প্রক্রিয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গত ১৫ নভেম্বর জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে আবেদন করেন। কিন্তু এতেও কোনো ফল না পেয়ে গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ খাইরুল বশর বাদী হয়ে কক্সবাজার ঊর্ধ্বতন সহকারী জজ আদালতে জেলা প্রশাসক, বন্দোবস্তির আবেদনকারীসহ ২৫ জনকে বিবাদী করে মামলা করলে আদালত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেন। আদালতে পাঠানো অ্যাডভোকেট কমিশনার মুহাম্মদ জসিম উদ্দিনের সই করা প্রতিবেদনে বলা হয়, ‘পুকুরটির পানি স্থানীয় গ্রামবাসী ব্যবহার করেন এবং কৃষিকাজেও প্রয়োজন পড়ে। পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।’ উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিবিশেষকে বন্দোবস্তি দেওয়া হলে গ্রামবাসী পানি নিয়ে মারাত্মক সমস্যায় পড়বেন। তা ছাড়া সরকারি পুকুর-জলাশয় কোনো ব্যক্তিকে বন্দোবস্তি দেওয়ার নিয়ম নেই। এটা কীভাবে হলো সেটি ভেবে অবাক হচ্ছি।’ বন্দোবস্তির আবেদনকারী একেএম নুরুল বশর জানান, ‘পুকুরটি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য সরকারের কাছে দীর্ঘমেয়াদি বন্দোবস্তি পাওয়ার আবেদন করেছি। এর প্রক্রিয়াও প্রায় শেষ। সরকার যদি বন্দোবস্তি না দেয় তাহলে করার কিছু নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ গোলামুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিবেদন দেওয়ার সময় আমি উখিয়ার দায়িত্বে ছিলাম না। কিছু দিন আগে এলাকাবাসীর পক্ষ থেকে বন্দোবস্তি না দেওয়ার জন্য একটি আবেদন পেয়েছি। সরকারি পুকুর বন্দোবস্তিযোগ্য নয়। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।’