ব্যঙ্গ বঙ্গাভিধান

শব্দ: বাক্স
ভিন্নার্থক শব্দার্থ: কথা বলার শো
বাক্যে প্রয়োগ: আজকাল বাক্সতে বক্তারা এমন বকবক করে যে কানে তালা লেগে যায়!
শব্দ: পরিদর্শন
ভিন্নার্থক শব্দার্থ: পরির দেখা পাওয়া
বাক্যে প্রয়োগ: আসিফ পরিদর্শনে গিয়েছে শুনেই আমরা হেসে গড়াগড়ি খেলাম। রূপকথার পরি যে বাস্তবে দেখা যায় না, বোকাটাকে সেটা কে বোঝাবে!
শব্দ: বদনা
ভিন্নার্থক শব্দার্থ: মন্দ নয়/খারাপ না
বাক্যে প্রয়োগ: দুর্নীতিবাজ হলেও খবির সাহেবের স্বভাব-চরিত্র কিন্তু ভালো। মোটের ওপর মানুষটা বদনা।
শব্দ: মনোনয়ন
ভিন্নার্থক শব্দার্থ: মনের চোখ/মনের দৃষ্টি
বাক্যে প্রয়োগ: তোমার মনোনয়ন ভালো নয় বলেই আমার অন্তরে তোমার জন্য অসীম ভালোবাসা দেখতে পেলে না!
শব্দ: জানজট
ভিন্নার্থক শব্দার্থ: হৃৎস্পন্দন থেমে যাওয়া
বাক্যে প্রয়োগ: নীল শাড়ি পরা মেয়েটাকে দেখেই খানিকক্ষণের জন্য আমার তীব্র জানজট হলো। আহা কী চাহনি!
শব্দ: ভাবনা
ভিন্নার্থক শব্দার্থ: ভাব নয় এমন/ভাব নেই এমন
বাক্যে প্রয়োগ: তাকে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে আমি ভেবেছিলাম ভাব। পরে দেখলাম ভাবনা!
শব্দ: বাসস্থান
ভিন্নার্থক শব্দার্থ: বাস থামার জায়গা
বাক্যে প্রয়োগ: এই শহরের চালকেরা মোটেও ট্রাফিক আইনের তোয়াক্কা করে না। বাসস্থানে বাস না থামিয়ে যেখানে-সেখানে থামায়।