ব্যতিক্রমী পণ্যের খোঁজে ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে ছোট বোনকে নিয়ে মেলায় এসেছিলেন বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সুমী সেনগুপ্তা। ভিড়ের মধ্যেও ঘুরে ঘুরে প্রথমেই খুঁজে বের করলেন ইরানের স্টল। মেলায় ঢুকেই ইরানি স্টল খোঁজার কারণ জানতে চাইলে বলেন, ‘মেলায় এসেছি মূলত ইরানের কার্পেট কিনতে। এমনিতে দোকানে কার্পেট পাওয়া গেলেও সেটি আসল ইরানি কি না, সন্দেহ থেকে যায়। তাই মেলা থেকেই কিনতে আসা।’এবারের বাণিজ্য মেলায় পাকিস্তান, থাইল্যান্ড, ইরান ছাড়াও রয়েছে চীন ও কোরিয়ার পণ্য আমদানিকারকদের আলাদা স্টল। পাকিস্তানের জোনে দেখা যায় হরেক ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন পাকিস্তান থেকে আসা দোকানিরা। ভাষাগত দূরত্ব থাকলেও ক্রেতাদের সঙ্গে বেশ সাবলীল বিক্রয়কর্মীরা। একটি খাবারের স্টলের বিক্রয়কর্মী মোহাম্মদ শাহীন জানালেন, তাঁরা করাচি থেকে এসেছেন। কেমন বিক্রয় হচ্ছে জানতে চাইলে বলেন, ‘ঢাকা বাণিজ্য মেলার চেয়ে এখানে ভিড় একটু কম, তাই বিক্রিও কম।’থাই প্যাভিলিয়নে কেনাকাটা করতে আসা আইস ফ্যাক্টরি সড়কের বাসিন্দা শুভ দে বলেন, ‘এটা বিদেশি জোন হলেও এখানকার সব পণ্যই বাইরে পাওয়া যায়। ব্যতিক্রমী কোনো কিছুই পেলাম না। উল্টো পণ্যের দাম অনেক বেশি।’ চায়না স্টলের সামনে দেখা গেল বাচ্চাকে সামলাতে হিমশিম খাচ্ছেন টেরিবাজার এলাকা থেকে আসা দর্শক আবুল মনসুর। বাচ্চার কান্নার কারণ জানালেন, ‘স্টলের ভেতরে খেলনা দেখেই কেনার বায়না ধরেছে।’ ঢাকার চায়না প্যালেস নামের একটি প্রতিষ্ঠান এ স্টল পরিচালনা করছে।