ব্যতিক্রমী প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সিটি করপোরেশনের বিজয়মেলায় আমরা বন্ধুবান্ধব মিলে একটা স্টল নিয়েছিলাম। বেচা-বিক্রির জন্য সারা দিনই থাকতে হতো স্টলে। প্রতিদিনের মতো সেদিনও বিকেলে যথারীতি আমরা আমাদের কাজ করছি। এমন সময় দেখি, আমাদের স্টলের সামনে দিয়ে ছয়-সাত বছরের এক শিশু গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে একজন লোক শিশুটিকে ছোঁ মেরে কাঁধে তুলে নিলেন এবং নানাভাবে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু কিছুতেই প্রবোধ মানছে না। আমরা সোত্সাহে এগিয়ে গেলাম লোকটির কাছে। কাছে গিয়ে জানতে পারলাম, ওই লোকটি তার বাবা। লোকটি বাসায় সবাইকে কথা দিয়েছিলেন, তিনি কখনই সিগারেট খাবেন না, কিন্তু মেলায় এসে এক বন্ধুর অনুরোধে (এবং ছেলেকে নেহাত শিশু ভেবে) একটি ধূম্রশলাকা ঠোঁটে চাপিয়ে ছিলেন। আর সেখানেই যত বিপত্তি। বাবার এহেন কাণ্ডজ্ঞানহীনতাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি ছোট্ট ‘বিবেকবান’ এই শিশু। সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ। বাবার কিনে দেওয়া চিপস-জুস ছুড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। অবস্থার দ্রুত অবনতি ঘটতে দেখে, পিতা আমাদের সাক্ষী রেখে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন এবং ছেলেকে (শিশুটি) বললেন, ‘বাবা তুই আজ আমায় যে লজ্জা দিলি, তাতে জীবনে আর কোনোদিন সিগারেট ছুঁয়ে দেখব না। তুই এবারের মতো আমারে মাফ কর।’ এবার শিশুটি কান্না থামাল। আর আমরা উপস্থিত জনাকয়েক দর্শক পিতা-পুত্রের এ অভূতপূর্ব দৃশ্যটি করতালির মাধ্যমে অভিবাদন জানালাম। রানা আব্বাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।