ব্যতিক্রমী হলিউড তারকা
১৯৪২ সালে হলিউডে মুক্তি পেল হোয়াইট কার্গো। প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শক। পর্দায় যখনই নায়িকার মুখ, তখনই প্রেক্ষাগৃহজুড়ে তুমুল করতালি। নায়িকা এই কোমল তো এই কঠিন! প্রায় তিন দশক ধরে এক নাগাড়ে অসংখ্য সিনেমায় অভিনয় করে যাওয়া হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী হলেন হেডি ল্যামার।অস্ট্রিয়ায় জন্ম নেওয়া ল্যামার হলিউড ছাড়াও অভিনয় করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ছবিতে। ল্যামারকে বলা হতো ‘ইউরোপের সেরা সুন্দরী’। তবে রুপালি পর্দার নায়িকা, অভিনেত্রী, সুন্দরী—এমন সব পরিচিতির বাইরে তাঁর আরও একটি গুরুত্বপূর্ণ পরিচিতি আছে। সেটি হলো হেডি ল্যামার নিরাপদ তারহীন যোগাযোগপ্রযুক্তির (সিকিউরড ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি) একজন অন্যতম পথিকৃৎ। স্প্রেড স্পেকট্রাম ও ফ্রিকোয়েন্সি হপিং-সংক্রান্ত ল্যামারের বেশ কিছু উদ্ভাবন আধুনিক এবং নিরাপদ তারহীন যোগাযোগপ্রযুক্তির অন্যতম ভিত্তি।হেডি ল্যামার একবার তাঁর স্বামী ফ্রেডরিখ মেন্ডলের সঙ্গে একটি প্রতিরক্ষাবিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ল্যামার বেতার নিয়ন্ত্রিত মিসাইল ও টর্পেডোর সংকেত আদান-প্রদান ব্যবস্থা শত্রুপক্ষ দ্বারা অতি সহজেই বিকল করার বিষয়ে জানতে পারেন।তখনো তারবিহীন যোগাযোগব্যবস্থা যথাযথ মাত্রায় নিরাপদ ও নির্ভরযোগ্য হয়ে ওঠেনি এবং সংবেদনশীল সামরিক ব্যবস্থার জন্যও তা ততটা উপযোগী ছিল না। ল্যামারের মাথায় ঢুকে গেল নিরাপদ তারবিহীন যোগাযোগব্যবস্থার পোকা! জোট বাঁধলেন তিনি আরেক ব্যতিক্রমী চরিত্র জর্জ অ্যানথেইলের সঙ্গে। আ্যাানথেইল তাঁর সময়ের একজন বিখ্যাত গীতিকার-সুরকার-পিয়ানোবাদক-লেখক। যুক্তরাষ্ট্রজুড়ে তখন তাঁর ব্যাপক জনপ্রিয়তা। বিভিন্ন কনসার্ট ও হলিউডের বিভিন্ন সিনেমায় তাঁর সুর করা গান ও আবহসংগীত মানুষের মুখে মুখে। সব বাদ দিয়ে জর্জ অ্যানথেইল হেডি ল্যামারের সঙ্গে লেগে গেলেন তারহীন যোগাযোগপ্রযুক্তিকে অধিকতর নিরাপদ ও নির্ভরযোগ্য করার কাজে।ল্যামার ও অ্যানথেইল বিভিন্ন আঙ্গিকে ভাবতে লাগলেন। পিয়ানোতে সুর ও তরঙ্গের ওঠানামার জ্ঞান তাঁদের কাজ অনেকাংশেই সহজ করে দিয়েছিল। সংগীতে যেমন সুর-লয়-তাল বিভিন্ন কম্পাঙ্কে দ্রুত ওঠানামা করে, তেমনি তারবিহীন যোগাযোগব্যবস্থার উৎস থেকে পাঠানো সংকেতকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের চ্যানেলের পরিবর্তে খুব দ্রুত আলাদাভাবে বিভিন্ন কম্পাঙ্কের চ্যানেলের মধ্য দিয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে গন্তব্যে পাঠানো সম্ভব হলে প্রতিপক্ষের জন্য সেই সংকেত শনাক্ত করা বা বিকল করা আর সহজ থাকে না। বিষয়টি বলা হলো ‘ফ্রিকোয়েন্সি হপিং (কম্পাঙ্ক নৃত্য)’। ফ্রিকোয়েন্সি হপিংয়ের কৌশল ব্যবহার করে ল্যামার ও অ্যানথেইল বেতার নিয়ন্ত্রিত টর্পেডোর জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য তারবিহীন যোগাযোগব্যবস্থা উদ্ভাবন করতে সক্ষম হন। ১৯৪১ সালের জুন মাসে তাঁরা তাঁদের এই কৌশলের স্বত্ব লাভের জন্য আবেদন করেন এবং ১৯৪২ সালের ১১ আগস্ট তাঁরা তাঁদের উদ্ভাবিত কৌশলের স্বত্ব লাভ করেন (ইউএস পেটেন্ট নং: ২,২৯২,৩৮৭)। তাঁদের এই উদ্ভাবন তারবিহীন যোগযোগপ্রযুক্তির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাকেই আমূল বদলে দেয়। ফ্রিকোয়েন্সি হপিং নিয়ে আরও বেশ কয়েকজন গবেষক ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাৎপর্যপূর্ণ কাজ করলেও ল্যামার ও অ্যানথেইলের কাজকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।তবে ল্যামার ও অ্যানথেইলের উদ্ভাবিত এই প্রযুক্তি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হয় দীর্ঘ প্রায় ২০ বছর পর। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিউবার বিপক্ষে এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করে। সামরিক ক্ষেত্রের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও শুরু হয় ফ্রিকোয়েন্সি হপিংয়ের সফল ব্যবহার। মুঠোফোনে ব্যবহূত সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল একসেস) প্রযুক্তির অন্যতম মূল ভিত্তি ফ্রিকোয়েন্সি হপিং। এ ছাড়া মুঠোফোনে ব্যবহূত জিএসএম (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন) প্রযুক্তি, ওয়াইফাই নেটওয়ার্ক, ব্লু-টুথ ইত্যাদি আধুনিক বিভিন্ন তারবিহীন যোগাযোগপ্রযুক্তিতে ফ্রিকোয়েন্সি হপিংয়ের ব্যবহার ব্যাপক ও তাৎপর্যপূর্ণ।১৯০০ সালের ৮ জুলাই নিউ জার্সিতে জন্ম নেওয়া জর্জ অ্যানথেইল সব সময়ই নিজেকে বলতেন ‘সংগীতের দুষ্টু ছেলে’। ১৯৫৯ সালের ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার আগে অসংখ্য অপেরা- অর্কেস্ট্রা-সিনেমার মাধ্যমে জনমানসকে সুর-সংগীতে মাতিয়েছেন, রেখে গেছেন চারখানা সুলিখিত উপন্যাস। এর মধ্যে ডেথ ইন দ্য ডার্ক উপন্যাসের পাণ্ডুলিপি পড়ে টি এস এলিয়ট এতটাই মুগ্ধ হন যে তিনি নিজেই এর প্রকাশনার সব দায়িত্ব নেন। আর ১৯১৩ সালের ৯ নভেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় জন্ম নেওয়া রুপালি পর্দা কাঁপানো হেডি ল্যামার ২০০০ সালের ১৯ জানুয়ারি যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারা যান, তখন তাঁর ঝুলিতে অসংখ্য সম্মাননা-স্বীকৃতি আর অসীম ভালোবাসা-শ্রদ্ধা। শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহভস্ম ছড়িয়ে দেওয়া হয় অস্ট্রিয়ার ভিয়েনা উড নামের বনভূমিতে। তবে সবকিছু ছাড়িয়ে ল্যামার ও অ্যানথেইল জগৎময় সবচেয়ে বেশি সুবাস ছড়িয়েছেন তারবিহীন যোগাযোগপ্রযুক্তিকে অধিকতর নিরাপদ, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য করার মাধ্যমে।তথ্যসূত্র: উইকিপিডিয়া